গণধর্ষণের শিকার নারীর ওপর আবার অ্যাসিড হামলা
ভারতের লখনৌতে গণধর্ষণের শিকার এক নারীর ওপর আবার অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে চারবার তাঁর ওপর আক্রমণ চালাল দুর্বৃত্তরা। তৃতীয়বার অ্যাসিড হামলার পর হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিরাপত্তার আশ্বাস ও ২৪ ঘণ্টার প্রহরার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে।
গতকাল শনিবার রাতে ওই নারীর ওপর আবার অ্যাসিড ছুড়েছে দুর্বৃত্তরা। ওই নারীর হোস্টেলের বাইরের হ্যান্ডপাম্প থেকে পানি নিতে গিয়েছিলেন। সে সময় তাঁর মুখে অ্যাসিড ছুড়ে মারে দুর্বৃত্তরা।
জমি নিয়ে বিবাদের জেরে দুই সন্তানের মা ওই নারী ২০০৮ সালে গণধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় দুজন গ্রেপ্তার হয়। তাদের বিচার চলছে। ওই নারীর স্বামী জানিয়েছেন, সেই ঘটনার পর থেকেই নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল অভিযোগ তুলে নেওয়ার জন্য। হুমকি দেওয়া হচ্ছিল মামলা না তুললে দেখে নেওয়ার।
কিন্তু এত কিছুর পরও আরও একবার তাঁর মুখে অ্যাসিড ছোড়ার ঘটনায় আদিত্যনাথ সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। প্রশ্ন তুলেছে উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারীর নিরাপত্তার অবস্থা নিয়েও। অন্যদিকে লখনৌ পুলিশের এডিজি অভয়কুমার প্রসাদ জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। শিগগিরই দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তথ্যসূত্র: আনন্দবাজার।