গণপিটুনি রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না দিতে আবেদন

গণপিটুনিতে মৃত্যু হলে দোষীকে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধানে সম্মতি না দেওয়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছে ভারতের মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর)। গতকাল শনিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখরের কাছে সংস্থাটি এই আবেদন করে।
গত ৩০ আগস্ট পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভায় গণপিটুনি রোধে নতুন একটি বিল ‘দ্য ওয়েস্ট বেঙ্গল (প্রিভেনশন অফ লিঞ্চিং ) বিল-২০১৯’ পাস হয়। এই বিলে গণপিটুনিতে কারও মৃত্যু হলে দোষী ব্যক্তির সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সেই সঙ্গে দোষী ব্যক্তিকে এক লাখ রুপি পর্যন্ত জরিমানা দেওয়ারও বিধান রাখা হয়েছে। বিধানসভায় এই বিল পাসের পর তা পশ্চিমবঙ্গের রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়।
এই বিলে মৃত্যুদণ্ডের বিধান থাকায় তা নিয়ে আপত্তি তুলেছে এপিডিআর। তারা রাজ্যপাল জগদীপ ধনখরের কাছে এই বিলে সাক্ষর না করার আবেদন জানায়। সংস্থাটি বলছে, এই বিলের প্রয়োজনীয়তা নিয়ে তাদের কোনো সংশয় নেই। তারা চায় গণপিটুনির মতো ঘটনায় চরম শাস্তি। তবে এই শাস্তি মৃত্যুদণ্ড নয়। তারা বলছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, গণপিটুনির জন্য চরম শাস্তি দেওয়ার। কিন্তু প্রাণদণ্ডের বিধান রেখে কোনো আইন তৈরি হওয়া ‘পশ্চাৎপদ চিন্তার’ প্রতিফলন।
এপিডিআরের সাধারণ সম্পাদক ধীরাজ সেনগুপ্ত বলেছেন, যাবজ্জীবন কারাদণ্ডই এখন সর্বোচ্চ শাস্তি হিসাবে সারা বিশ্বে স্বীকৃত। চার বছর আগে জাতীয় আইন কমিশনও সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধ ছাড়া প্রাণদণ্ড তুলে দেওয়ার জন্য সুপারিশ করে। আইন কমিশনের সেই সুপারিশ কেন্দ্রীয় সরকার বাতিল করেনি। এই কারণে রাজ্যে গণপিটুনি নিয়ে নতুন আইন কার্যকর হওয়ার সময়ে প্রাণদণ্ডের সংস্থান রাখা সমর্থনযোগ্য নয় বলে তারা রাজ্যপালের কাছে আবেদনে জানিয়েছে।
এ ছাড়া এই আইনে গণপিটুনিতে জখম হলে হামলাকারী দোষী ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধেও আর্থিক জরিমানার বিধানসহ ৩ বছরের সর্বোচ্চ কারাদণ্ড এবং এক লাখ রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। গুরুতর জখম করা হলে ১০ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ৩ লাখ রুপি পর্যন্ত জরিমানার সংস্থান রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে গণপিটুনির মতো পরিস্থিতি তৈরি করা হলে, সেই পরিস্থিতি তৈরির নেপথ্য কারিগরদেরও শাস্তির বিধান রাখা হয়েছে। এমনকি সাক্ষী বা আক্রান্ত ব্যক্তিকে ভয়ভীতি দেখানো হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির বিধান রাখা হয়েছে। হামলায় আহত ও গুরুতর জখম ব্যক্তিদের পক্ষে বিনা মূল্যে আইনি সাহায্য দেওয়ারও বিধান রাখা হয়েছে।
এ ছাড়া সরকারি এবং পৌরসভা ও করপোরেশনের হাসপাতালে বিনা খরচে চিকিৎসা দেওয়ার বিধান রাখা হয়েছে। মূলত ধর্ম, বর্ণ, জাতিগত বিভেদ ও বিভিন্ন গুজব ছড়িয়ে যেভাবে দেশে পিটিয়ে মারার প্রবণতা বাড়ছে তা রোধ করার জন্যই পশ্চিমবঙ্গ সরকার প্রথম এগিয়ে এসেছে। পাস করেছে এ সংক্রান্ত আইন।