গণভোটের কথা বলিনি: মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি

গণভোট নিয়ে মন্তব্য করার পর তা থেকে আবার ঘুরে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রানী রাশমণি অ্যাভিনিউতে মমতা এই নাগরিকত্ব আইন ও এনআরসির পক্ষে মানুষ আছে কি না, তা প্রমাণে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের দাবি তোলেন।

মমতার গণভোট নিয়ে মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ও অনুরোধ করেন মুখ্যমন্ত্রী যেন প্রত্যাহার করে নেন ওই মন্তব্য। মমতা বলেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের কথা বলিনি। জনমত সমীক্ষা করতে বলেছি।’ একই সঙ্গে তিনি এদিন প্রধানমন্ত্রী মোদির কাছে সিএএ বাতিলের আবেদন করেন।

ভারতজুড়ে নাগরিক সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধনকে (এনআরসি) কেন্দ্র করে প্রতিবাদ চলছে। গতকাল শুক্রবার এ বিক্ষোভে উত্তর প্রদেশে ছয়জনের মৃত্যু হয়েছে। দাবি মানা ছাড়া আন্দোলনের ময়দান ছাড়বে না ভারতের বিজেপি ও এনডিএবিরোধী রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গড়ে তুলেছেন আন্দোলন। সোম থেকে বুধবার পর্যন্ত তিন দিন তিনি প্রতিবাদ মিছিল করেছেন।

বৃহস্পতিবার মমতা প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘২০২৪ সাল পর্যন্ত আর অপেক্ষা কেন? যদি বুকের পাটা থাকে, তবে দেশে এ ইস্যুতে একটা গণভোট হয়ে যাক। আর সেই গণভোট করবে নিরপেক্ষ সংস্থা জাতিসংঘ। এখানে জড়িত থাকবে না তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বাম দল এবং ভারতের অন্য কোনো রাজনৈতিক দল। থাকবে না কোনো সম্প্রদায়ের প্রতিনিধি। এই লক্ষ্যে জাতিসংঘ এবং মানবাধিকার কমিশনের বিশেষজ্ঞদের নিয়ে গঠন করতে হবে একটি কমিটি। তারাই করবে এই গণভোট। আমরা দেখতে চাই, কটা মানুষ মানছে এই সিএএ এবং এনআরসি আর কটা মানুষ মানছে না।’

শুক্রবার মমতা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে দলীয় নেতা, সাংসদ ও বিধায়কদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ‘আমি নিরপেক্ষ সংস্থার কথা বলেছিলাম। উদাহরণ হিসেবে জাতিসংঘের নাম উল্লেখ করেছি। আমি চাই, নিরপেক্ষ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে জনমত সমীক্ষা হোক।’

মমতা বলেন, ‘যে আইন মানুষের বিরুদ্ধে যায়, সেই আইন নিয়ে জেদাজেদি করা উচিত নয়। দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীসহ সবার এগিয়ে আসা উচিত। মানুষের আন্দোলন মেনে নিন। দয়া করে দেশে শান্তি প্রতিষ্ঠা করুন।’