ক্ষমতায় বসার পর গণমাধ্যমের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতে সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শনিবার রাজধানী নয়াদিল্লিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপির) কেন্দ্রীয় কার্যালয়ে দীপাবলি উৎসব-পরবর্তী ‘দেওয়ালি মিলন’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তিনি দেশের গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে কীভাবে যোগাযোগ আরও বাড়ানো যায়, তার চেষ্টা করে যাচ্ছি।’
গণমাধ্যমের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে যখন কথা বলি, তখন শুধু যে তথ্য পাই তা নয়, আমি দূরদৃষ্টির সন্ধান পাই।’
গতকালের অনুষ্ঠানে মোদি তাঁর ‘স্বচ্ছ ভারত অভিযান’ নামে পরিচ্ছন্নতা কর্মসূচিতে গণমাধ্যমের সমর্থনের প্রশংসা করেন। মোদি বলেন, ‘এ কর্মসূচিতে সমর্থন দেওয়ায় আমি গণমাধ্যমকে ধন্যবাদ জানাই। আপনারা কলমকে ঝাড়ুতে পরিণত করেছেন।’
২ অক্টোবর ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে নিজে রাস্তা ঝাড়ু দিয়ে ‘স্বচ্ছ ভারত অভিযান’ কর্মসূচির উদ্বোধন করেন মোদি।