গরু ও মহিষ জবাই বন্ধ করার পক্ষে মানেকা

ভারতের নারী ও শিশু উন্নয়নমন্ত্রী মানেকা গান্ধী দেশটিতে গরু ও মহিষ জবাই বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। গতকাল মঙ্গলবার সংবাদভিত্তিক চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে মানেকা গান্ধী বলেন, ‘আমার মনে হয়, গরু ও মহিষ জবাই নিষিদ্ধ করা উচিত। কারণ, ৯০ শতাংশ ক্ষেত্রেই অবৈধভাবে জবাই করা হয়। আইনে বলা আছে, ১৪ থেকে ১৬ বছর বয়সী গরু জবাই হতে পারে। তবে এখন যেসব গরু জবাই হয়, সেগুলো হয় গর্ভবতী, নয়তো দুধেল।’
একটি প্রতিষ্ঠানের দুই বছর আগের জরিপের চিত্র তুলে ধরে মানেকা বলেন, ‘ভারতে বিক্রি হওয়া দুধের ৮০ শতাংশই ভেজাল। উত্তর প্রদেশ এবং বিহারে খাঁটি দুধ বলতে কিছু নেই।’
গরু ও মহিষ জবাই বন্ধ করার বিষয়টিকে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখা হলে তা ভুল হবে বলে মন্তব্য করেন মানেকা। তিনি বলেন, ‘হিন্দুরাও জবাইয়ের জন্য গরু বা মহিষ বিক্রি করে। কসাইদের মধ্যে বেশির ভাগই মুসলিম। এটা নিছক তাদের পেশা। তাই এর মধ্যে ধর্মীয় বিষয় নিয়ে আসা অবান্তর।’