গরু নিয়ে ভারতে ক্ষোভ বিক্ষোভ থামছে না

গবাদিপশু কেনাবেচা নিয়ে কেন্দ্রের নির্দেশনাকে ঘিরে ভারতের বিভিন্ন রাজ্য এখনো উত্তাল। অন্তত তিনটি রাজ্য বলে দিয়েছে, তারা কেন্দ্রের নির্দেশ মানবে না। নির্দেশনাটি প্রত্যাহার কিংবা সংশোধনে নানান মহল থেকে দাবি উঠলেও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিবেশমন্ত্রী হর্ষবর্ধন দেশে না ফেরা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হর্ষবর্ধন এই মুহূর্তে ইউরোপ সফর করছেন।
এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে গতকাল বুধবারও অসংখ্য লোক বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল বের হয় মাদ্রাজ আইআইটিতেও। সেখানে প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার অপরাধে একদল শিক্ষার্থীর হাতে মারাত্মকভাবে প্রহৃত হন এক ছাত্র। মিছিলের দাবি, অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। ত্রিপুরা সরকার জানিয়েছে, তারা সরকারি নির্দেশ মানবে না। একই কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কর্নাটকেও কংগ্রেস সরকার জানিয়েছে, দেশের অর্থনীতির পক্ষে বিপজ্জনক এই নির্দেশ প্রত্যাহার বা সংশোধন করা প্রয়োজন। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মনোভাবও একই ধরনের। এই অবস্থায় সবার দৃষ্টি কেন্দ্রীয় সরকারের দিকে। যদিও প্রধানমন্ত্রী দেশে না ফিরলে কোনো কিছু হওয়ার সম্ভাবনা কম।
কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ নিয়ে বিভিন্ন রাজ্যের হাইকোর্ট বিভিন্ন ধরনের মতামত জানাচ্ছে। মাদ্রাজ হাইকোর্ট গত মঙ্গলবারই কেন্দ্রীয় নির্দেশনার বিরুদ্ধে চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে। এই সময়ের মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। কেরালা হাইকোর্ট গতকাল জানিয়েছে, এই নির্দেশিকার কোথাও বলা হয়নি কেউ গরুর মাংস খেতে পারবে না। গবাদিপশু জবাই করা যাবে না এমন কথাও বলা হয়নি। নির্দেশনায় শুধু বলা হয়েছে, পশুহাটগুলোতে জবাইয়ের জন্য পশু কেনাবেচা করা যাবে না। এই নির্দেশের বিরুদ্ধে দাখিল করা এক জনস্বার্থ মামলা খারিজ করে কেরালা হাইকোর্টের বিচারপতিরা জানিয়ে দেন, নিজের বাড়িতে বা অন্য কোথাও পশু জবাই করে সেই মাংস খাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
বিপরীতে রাজস্থান হাইকোর্ট আবার গতকাল বলেছে, গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া উচিত। আদালতের বিচারপতি মহেশ চন্দ্র শর্মার সুপারিশ, গোহত্যার শাস্তি তিন বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন সশ্রম কারাবাস করা দরকার। বিচারপতি শর্মা অবশ্য সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে আনা কোনো জনস্বার্থ মামলায় এই সুপারিশ করেননি। রাজস্থানের রাজধানী জয়পুরের কাছে একটি গোশালার অব্যবস্থা নিয়ে দায়ের হওয়া এক মামলার শুনানির সময় তিনি এ কথা বলেন। কিন্তু দেশজুড়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে রাজস্থান হাইকোর্টের এই রায় এক অন্য মাত্রা পেয়েছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে জাতি ও ধর্মগত বিন্যাসের কারণে গোহত্যা ও গোমাংস খাওয়ায় কোনো নিষেধাজ্ঞা নেই। আট রাজ্যের মধ্যে শুধু মণিপুরে ১৯৩৬ সাল থেকে গোহত্যা নিষিদ্ধ। কিন্তু ওই রাজ্যে মহিষ হত্যা আইনত সিদ্ধ। এ অঞ্চলের পশুহাটগুলো ঐতিহ্যগতভাবে সীমান্তবর্তী এলাকাতেই অবস্থিত। ত্রিপুরার বামপন্থী সরকার সরাসরি জানিয়ে দিয়েছে, তারা এই নির্দেশ মানবে না। রাজ্যের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী অঘোর দেববর্মা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এই নির্দেশিকা জনবিরোধী। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই নির্দেশিকাটি জারি করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের নির্দেশনা উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের বিজেপি নেতৃত্বকে বিপাকে ফেলে দিয়েছে। আসাম জয়ের পর থেকে বিজেপির নজর দেশের এই অঞ্চলে নিবদ্ধ। আগামী বছর নাগাল্যান্ড, মিজোরাম ও মেঘালয় বিধানসভার ভোট। তিন রাজ্য দখলে মরিয়া বিজেপির জন্য নির্দেশনাটি এখন পথের কাঁটা। নাগাল্যান্ডের বিজেপি নেতারা বলেছেন, তাঁরা ক্ষমতায় এলে গোহত্যাকে কোনোভাবেই নিষিদ্ধ করবেন না। মেঘালয়ের বিজেপি নেতৃত্ব আবার বলেছে, তাঁরা বিজেপি করেন উন্নয়নের জন্য। খাদ্যাভ্যাসে বদল আনার জন্য নয়। মিজোরামের বিজেপি সভাপতি আবার জানিয়ে দিয়েছেন, খ্রিষ্টধর্মাবলম্বী অধ্যুষিত এই রাজ্যে ক্ষমতায় এলেও গোহত্যা নিষিদ্ধ করা হবে না।
গোহত্যা ও গোরক্ষার নামে দেশে যা চলছে, তাতে ব্যবসায়ীদের মধ্যও উদ্বেগ বাড়ছে। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) এক সূত্র গতকাল প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে ‘পিংক রেভল্যুশন’ অর্থাৎ মাংস উৎপাদন ও রপ্তানির ওপর গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু গত তিন বছরে ভারতের মাংস (প্রধানত মহিষ) রপ্তানির পরিমাণ অর্ধেকের বেশি কমে গেছে। গবাদিপশুর ওপর নিষেধাজ্ঞা জারি কঠিনভাবে পালিত হলে চামড়া, ওষুধ, বোতাম, রঙের ব্রাশ, টুথপেস্টসহ অনেক শিল্প ক্ষতিগ্রস্ত হবে।
ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) এক সূত্রের কথায়, প্রতিশ্রুতিমতো কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারায় প্রধানমন্ত্রীকে এই তিন বছরে সবচেয়ে বেশি সমালোচিত হতে হয়েছে। গোরক্ষা ও গবাদিপশু–সংক্রান্ত নির্দেশিকা কর্মসংস্থানের ওপর বড় আঘাত হয়ে দেখা দিতে পারে।