গরু পরিবহন করায় দুজনকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পূর্বাঞ্চলে ট্রাকে করে গরু পরিবহন করায় দুজনকে পিটিয়ে হত্যা করেছেন গ্রামবাসী। নিহত ব্যক্তিরা মুসলমান। পশ্চিমবঙ্গে গতকাল রোববার এ ঘটনা ঘটে।
পশ্চিমবঙ্গের পুলিশ কর্মকর্তা অনুজ শর্মা বলেন, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ট্রাকে করে গরু নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ওই যানটিকে থামাতে বাধ্য করেন। এ জন্য সড়ক বন্ধ করে দেন তাঁরা। ট্রাকে থাকা দুজনকে টেনে নামানো হয়। এরপর গ্রামবাসীর বেধড়ক পিটুনিতে প্রাণ যায় তাঁদের। তবে পালিয়ে যেতে সক্ষম হন ট্রাকচালক।
এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ওই চালকেরা বৈধভাবে গরুগুলো কিনেছিলেন কি না কিংবা তাঁরা অবৈধ গরু ব্যবসায়ী কি না, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে পুলিশ। ভারতের অনেক রাজ্যে গোহত্যা ও গরুর মাংস খাওয়া নিষিদ্ধ হলেও পশ্চিমবঙ্গ এর ব্যতিক্রম।