গরু পাচার বন্ধ হলে ক্ষতি ভারতেরই!

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কলকাতায় বিএসএফ সদস্যদের উদ্দেশে বলেছেন, বাংলাদেশে গরু পাচার এমন কঠোরভাবে বন্ধ করতে হবে যাতে বাংলাদেশিরা গোমাংস খাওয়া ছেড়ে দিতে বাধ্য হয়।
বিএসএফ সদস্যরা যদি রাজনাথের এই হুকুম ঠিকঠাক তামিল করে তাহলে ভারতকে বছরে লোকসান গুনতে হবে ৩১ হাজার কোটি রুপি।
ভারতের দ্য ইকনোমিক টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সাংবাদিক দীপ্তিমান তিওয়ারির ওই প্রতিবেদনের খবর অনুযায়ী, চোরাচালান বন্ধ হয়ে গেলে ভারতের বিভিন্ন পশুখামারে থাকা এক কোটি ২৫ লাখ গরু স্বাভাবিকভাবে মারা যাবে। এগুলোর লালনপালন বাবদ বছরে ৩১ হাজার কোটি রুপি ব্যয় হবে। দেশটির সমন্বিত শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় শিশুদের পুষ্টি খাতে বছরে যে সরকারি বরাদ্দ দেওয়া হয় এই অর্থের পরিমাণ তার চার গুন। প্রতিবছর ভারত থেকে প্রায় ২৫ লাখ গরু পাচার হয়ে বাংলাদেশে আসে।
ভারতের একটি গরু গড়ে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত বাঁচে। একটি গরু মারা যাওয়ার প্রায় পাঁচ বছর আগেই সেটি থেকে দুধ উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি বন্ধ হলে বছরে দুধ দেয় না এমন সোয়া কোটি গরুর প্রতিটির পেছনেই প্রতিপালন ব্যয় বাড়বে। খরচের মধ্যে আছে-খামার ব্যবস্থাপনা, খামারের কর্মীদের বেতন, পশু খাবার ইত্যাদি। দুধ পাওয়া যায় না এমন গরুর পেছনে বছরে খরচ হবে গড়পড়তা ২৫ হাজার রুপির মতো। আবার, খামারের জমির খরচ ও খামারের অবকাঠামো নির্মাণের প্রাথমিক বিনিয়োগ ধরলে এই ব্যয় আরও বাড়বে বৈ কমবে না।