গরু সুরক্ষার দাবিতে কীটনাশক পানে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে গরুর জন্য আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে কয়েকজন আন্দোলনকারী কীটনাশক পান করার পর একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি সরকারি ভবনের বাইরে গত বৃহস্পতিবার আয়োজিত এক সমাবেশে আট হিন্দু ‘গো ভক্ত’ আন্দোলনকারী কীটনাশক পান করেন।
গরুকে রাষ্ট্রমাতার মর্যাদা দেওয়া এবং সারা ভারতে গোমাংস খাওয়া নিষিদ্ধ করার দাবিতে ওই ‘গো ভক্তরা’ আন্দোলন করছেন। তাঁদের অভিযোগ, দেশের অনেক স্থানেই গরু হত্যার ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে গরু জবাই ও এর মাংস খাওয়া চলছে। উল্লেখ্য, হিন্দুধর্মাবলম্বীদের কাছে গরু পবিত্র হিসেবে গণ্য।
পুলিশ জানায়, গুজরাটের রাজকোটের ওই সমাবেশে আট ব্যক্তি বিষাক্ত পদার্থের বোতল নিয়ে যোগ দেন। বিষপানের পর অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে হিন্দাভাই ভামবাদিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।