দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিস্তীর্ণ এলাকা উত্তাল হলো গতকাল সোমবার। আটটি থানা এলাকা অঘোষিত কারফিউর রূপ নিল। পুলিশের সঙ্গে জনতা জড়িয়ে পড়ল খণ্ডযুদ্ধে। জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হলো। বাধা পেল রেলসেবা। অশান্তির কারণ জাহিদ আহমেদের মৃত্যু—গো-হত্যার অভিযোগে জম্মুর উধমপুরে ১০ দিন আগে পেট্রলবোমায় যিনি গুরুতর আহত হয়েছিলেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
গুরুতর আহত অবস্থায় জাহিদকে নিয়ে আসা হয়েছিল দিল্লি। গত রোববার তাঁর মৃত্যু হয়। গতকাল অনন্তনাগ জেলার বাটেনগু গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়। পুলিশি প্রহরায় শোকযাত্রা শান্তিপূর্ণ থাকলেও গোলমাল বাধে পরে। পুলিশ জানিয়েছে, শোকযাত্রায় পাকিস্তানি পতাকা হাতে স্থানীয় যুবকদের দেখা গেছে।
পুলিশকে অবশ্য গুলি চালাতে বারণ করা হয়েছিল। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতাদের গৃহবন্দী করে রাখা হয়। পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় ও স্কুলের পরীক্ষা।
চলতি মাসের ৯ তারিখে জাহিদদের ট্রাকে পেট্রলবোমা ছোড়া হয়। ট্রাকটি জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল। অভিযোগ, জাহিদেরা নাকি তিনটি গরু হত্যা করেছেন। এই গুজবের পরেই আট যুবক ট্রাকটি আক্রমণ করে। পরে প্রশাসন সূত্রে বলা হয়, খাদ্যে বিষক্রিয়ার কারণেই গরুগুলোর মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের কঠোর সাজা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্য মন্ত্রিসভায় ঘটনার নিন্দা করে সর্বসম্মতভাবে এক প্রস্তাব গৃহীত হয়। মুখ্যমন্ত্রী ও পিডিপি নেতা মুফতি মহম্মদ সাঈদ জানিয়েছেন, নিহত জাহিদের পরিবারকে এককালীন পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।
এবার আইনপ্রণেতার মুখে কালি দিল শিবসেনা: ভারতে এবার স্বতন্ত্র এক আইনপ্রণেতার মুখে কালি ছুড়ে মেরেছে হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার সদস্যরা। ঘটনার শিকার আইনপ্রণেতার নাম প্রকৌশলী রশিদ। তিনি জম্মু কাশ্মীর বিধানসভার সদস্য। গতকাল বিকেলে দিল্লি প্রেসক্লাবে এ ঘটনা ঘটে। গরু হত্যার গুজবে জম্মুর উধমপুরে গণপিটুনিতে আহত হয়ে মারা যাওয়া এক ট্রাকচালকের পরিবারের দুই সদস্যকে সঙ্গে নিয়ে প্রেসক্লাবে গিয়েছিলেন রশিদ।
কালি ছুড়ে মারার ঘটনায় দীপক ও দেব ইন্দ্র সিং নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা দাবি করেছেন, ৭ অক্টোবর শ্রীনগরে গরুর মাংস দিয়ে ভোজের আয়োজন করায় রশিদের ওপর খেপেছিলেন তাঁরা। শিবসেনা হামলার দায় স্বীকার করেছে।
এর আগে ভারতে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির বই প্রকাশ অনুষ্ঠানে বিজেপির নেতা সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি ছুড়ে মারে শিবসেনা।
অসুরের বিনাশ চাইলেন প্রণব : অসুরের বিনাশ ঘটিয়ে এবার ঐক্য ও সহনশীলতা প্রদর্শনে জনগণের প্রতি আহ্বান জানালেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সনাতন হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গতকাল পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এর আগে ৮ অক্টোবর উত্তর প্রদেশের দাদরিতে গরুর মাংস খাওয়া নিয়ে গুজবে গণপিটুনিতে এক মুসলিমের হত্যাকাণ্ডের পরদিন রাষ্ট্রপতি সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান।
গতকালের অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা বৈচিত্র্যকে স্বাগত জানাই। আমরা সহনশীলতা প্রদর্শনের বিষয়টি উৎসাহিত করি। আমরা ভিন্নমত গ্রহণ করি। এগুলো না থাকলে ভারতীয় সভ্যতা বিগত পাঁচ হাজার বছর ধরে টিকে থাকত না।’
পরে এক টুইটার বার্তায় রাষ্ট্রপতি বলেন, কোনো অবস্থাতেই মানবতাবাদ ও বহুত্ববাদকে বাতিল করা যাবে না।