গরুর গুঁতোয় বিপাকে বিজেপি
ভারতে জবাইয়ের উদ্দেশ্যে গরু বিক্রি বন্ধ করতে গিয়ে বেশ বিপাকে পড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভোটমুখী উত্তর–পূর্বাঞ্চলের খ্রিষ্টান–অধ্যুষিত তিন রাজ্যেই তাঁদের জন্য পরিস্থিতি জটিল হচ্ছে। মেঘালয়ে বিজেপি ছাড়ার হিড়িক চলছে। একই সঙ্গে আঞ্চলিক দলগুলোও বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছে না।
এই পরিস্থিতিতে ২০১৮ সালে অনুষ্ঠেয় ভোটের আগে বেশ বিব্রত হয়েছেন বিজেপির নেতারা। মেঘালয়ে বিজেপিতে ভাঙন চলছে। তুরায় দলের সভাপতি পাঁচ মণ্ডলসহ পাঁচ হাজার কর্মী–সমর্থক বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন। বুধবার বিজেপির তুরা শাখার যুব সভাপতি উইলভার গরেহাম ডাঙ্গো সাংবাদিকদের বলেন, ‘গোমাংসে নিষেধাজ্ঞা উপজাতিদের আত্মসম্মানে আঘাত। এটা মেনে নেওয়া সম্ভব নয়। তাই অন্তত পাঁচ হাজার নেতা-কর্মী বিজেপি ছাড়ছি।’ রাজ্য বিজেপির সহসভাপতি জন অ্যান্টনি লিংডো জানান, জ্যেষ্ঠ দুই নেতা বাচু মারাক ও বার্নার্ড মারাক এর মধ্যেই সদলবলে দল ছেড়েছেন।
দলের এই ভাঙনের পাশাপাশি শক্তিশালী আঞ্চলিক দল হিল স্টেট পিপলস ডেমোক্রাটিক পার্টি (এইচএসপিডিপি) এবং ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি) বুধবার শিলংয়ে ঘোষণা করেছে, তারাও বিজেপির ছায়া মাড়াবে না। এইচএসপিডিপির মুখপাত্র এম সোহতুন সাংবাদিকদের জানান, গরু বিক্রি ইস্যুতে তাঁরা বিজেপির সঙ্গ ত্যাগ করছেন। ভোটের আগে বা পরে আঁতাতের কোনো সম্ভাবনা নেই। সোহতুন কটাক্ষ করে বলেন, উপজাতিদের জীবনযাত্রা নিয়ে বিন্দুমাত্র মর্যাদা নেই বিজেপির নেতাদের।
মেঘালয়ের বিরোধী দলনেতা তথা ইউডিপির সভাপতি ডাকুপার রায় জানান, তাঁরা বিজেপি ও কংগ্রেস থেকে সমদূরত্ব বজায় রাখবেন। কারণ মানুষের খাদ্যাভ্যাস নিয়ে রাজনীতি মেঘালয়ের মানুষ বরদাশত করে না।
কংগ্রেসশাসিত মেঘালয়ে দলের এই বিপাকের জন্য কংগ্রেসের বিফ নিয়ে অপপ্রচারকেই দায়ী করছে বিজেপি শিবির। বিজেপির নেতৃত্বাধীন উত্তর–পূর্বাঞ্চলীয় গণতান্ত্রিক জোটের (নেডা) আহ্বায়ক তথা আসামের অর্থমন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা আজ বৃহস্পতিবার সকালে গুয়াহাটিতে সাংবাদিকদের সামনে দাবি করেন, বিজেপি মোটেই গরুর মাংস খাওয়ার বিরোধী নয়। বিজেপি শাসিত আসাম, মণিপুর ও অরুণাচল প্রদেশের মানুষ ইচ্ছামতো গরুর মাংস খেতে পারছেন বলেও মন্তব্য করেন তিনি। হীমন্তের অভিযোগ, পুরোটাই কংগ্রেসের চক্রান্ত।
বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। মেঘালয়ে কংগ্রেসেরই সরকার প্রতিষ্ঠিত হবে।