গরুর মাংস নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুর মাংস খাওয়া নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা ও হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তিনি গত বৃহস্পতিবার বলেছেন, ভারতে বসবাসকারী মুসলিমদের গরুর মাংস খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। খবর বিবিসির।
বিরোধী দল কংগ্রেস খাট্টারের ওই মন্তব্যের কড়া সমালোচনা করেছে। দলটির মুখপাত্র রশিদ আলভি বলেছেন, মুখ্যমন্ত্রী পদে থাকার কোনো অধিকার খাট্টারের নেই।
বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিয়ে খাট্টার গতকাল শুক্রবার বলেন, তাঁর কথা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তারপরও কেউ আহত হয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করতে রাজি আছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে খাট্টার বৃহস্পতিবার বলেন, ‘গোমাংস খাওয়া হলে আরেকটি সম্প্রদায়ের মানুষের অনুভূতি আহত হয়। সাংবিধানিকভাবেও আপনি এটা করতে পারেন না। মুসলিমদের গোমাংস খাওয়া বাধ্যতামূলক—এমনটা কোথাও লেখা নেই। খ্রিষ্টানদেরও এটা খাওয়ার বাধ্যবাধকতা নেই।’