গরুর মাংস বিবাদে ভারতে নিহত এক
গরুর মাংস খাওয়া নিয়ে গুজবের পরিণতিতে ভারতের উত্তর প্রদেশে পিটিয়ে মারা হলো এক মুসলিম প্রৌঢ়কে। তাঁর নাম মোহাম্মদ ইকলাখ। রাজ্যের বৃহত্তর নয়ডার বিসাদা গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপাত শান্ত এই অঞ্চলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেই বিসাদা গ্রাম ও তল্লাটে কোনো দিন সাম্প্রদায়িক অসম্প্রীতির কোনো ঘটনা ঘটেনি। গ্রামটিও সচ্ছল। নিহত ইকলাখ (৫৮) শিক্ষিত ও মিশুক বলে পরিচিত ছিলেন। শুধু তাই নয়, এবার কোরবানির ঈদেও তাঁর বাড়িতে গ্রামের হিন্দুরা এসেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন। শিক্ষিত ও মধ্যবিত্ত এই গ্রামে এমন ঘটনা সবাইকে চমকে দিয়েছে।
গ্রামে একটা বাছুর দুই দিন ধরে নিখোঁজ ছিল। সোমবার হঠাৎই গুজব ছড়ায়, ইকলাখের জমিতে নাকি গরুর হাড় এবং বাড়িতে গরুর মাংস পাওয়া গেছে। অভিযোগ, গুজব ছড়ানোর কিছু পর স্থানীয় একটি মন্দির থেকে কিছু ঘোষণা হয়। তারপরই শতাধিক লোক ইকলাখের বাড়ি আক্রমণ করে। সেই আক্রমণে ইকলাখের মৃত্যু ঘটে ও তাঁর ২২ বছরের ছেলে দানিস গুরুতর আহত হন। ইকলাখের বাড়ির ফ্রিজে ছাগলের মাংস রাখা ছিল। আক্রমণকারীরা তা গরুর মাংস বলে দাবি করে। পুলিশ সেই মাংস আটক করে। গতকাল নয়ডা প্রশাসন জানায়, আটক মাংস গরুর নয়, ছাগলের।
বিজেপি-শাসিত কিছু রাজ্যে গরুর মাংস কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকে দেশের বিভিন্ন অংশে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। সমাজবাদী পার্টি-শাসিত উত্তর প্রদেশে গরু জবাই ও মাংস খাওয়া নিষিদ্ধ নয়। কিন্তু তা সত্ত্বেও এমন ঘটনায় প্রশাসন উদ্বিগ্ন।
গতকাল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নিহত ইকলাখের পরিবারকে ১০ লাখ ভারতীয় রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন।