গরুর মাংস রান্নার গুজবে চার ছাত্র গ্রেপ্তার, পরে মুক্ত
ভারতের রাজস্থানে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে গরুর মাংস রান্না করার গুজবের জের ধরে ‘শান্তি বিনষ্ট করার’ অভিযোগে সেখানকার চারজন মুসলমান ছাত্রকে গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে। অবশ্য গ্রেপ্তারের পর চারজনই জামিনে মুক্তি পেয়েছেন। পুলিশ বলেছে, তাঁরা খাসির মাংস রান্না করেছিলেন। গরুর মাংসের গুজব ছড়িয়ে পড়ায় এই বিপত্তি ঘটে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশ এসে গ্রেপ্তার করার আগে ওই চার মুসলিম ছাত্র তাঁদেরই সহপাঠী গোঁড়া হিন্দুদের হাতে মারধরের শিকার হন।
পুলিশ জানায়, চিত্তরগড় জেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস কক্ষে সোমবার মুসলমান ছাত্ররা গরুর মাংস রান্না করেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এরপর ওই ছাত্রাবাসের বাইরে জড়ো হন তাঁদের শত শত সহপাঠী ও ডানপন্থী হিন্দু আন্দোলনকর্মীরা। তাঁরা তাঁদের গ্রেপ্তারের দাবি জানান।
স্থানীয় পুলিশ কর্মকর্তা লাভু রাম বলেন, বিক্ষুব্ধ লোকজন চারজনকে গ্রেপ্তারের জোর দাবি জানাতে থাকায় সেখানে উত্তেজনা বিরাজ করছিল। তাৎক্ষণিক উত্তেজনা নিয়ন্ত্রণে তাঁরা চারজনকে গ্রেপ্তার করেন। বুধবার আদালত তাঁদের জামিনে মুক্তি দেন। তিনি বলেন, তাঁরা ছাত্রাবাস কক্ষে রান্না করা মাংস পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন, সেটি খাসির মাংস ছিল।