গরুর মাংসের সুফল নিয়ে নিবন্ধ ছাপায় সম্পাদক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হরিয়ানা রাজ্যের একটি সরকারি সাময়িকীতে গরুর মাংস খাওয়ার স্বাস্থ্যগত সুফল নিয়ে নিবন্ধ ছাপানোর কারণে ওই সাময়িকীর সম্পাদককে বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসি বাংলার।
বিজেপিশাসিত ওই রাজ্যের আইনে গরু জবাই করা নিষিদ্ধ এবং গরুর মাংস বিক্রি দণ্ডনীয় অপরাধ। হরিয়ানাই ভারতের প্রথম রাজ্য, যেখানে গরু জবাইয়ের জন্য ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন পাস হয়েছে।
হরিয়ানা রাজ্যের শিক্ষা বিভাগের সাময়িকী শিক্ষা সারথিতে এক নিবন্ধে লেখা হয়, গরুর মাংস ও এই মাংস থেকে তৈরি খাবার খনিজ উপাদান আয়রন পাওয়ার সবচেয়ে ভালো উৎস। বিশেষজ্ঞরা বলছেন, ওই নিবন্ধে লেখক গরুর মাংস খাওয়ার স্বাস্থ্যগত সুফল লিখেছেন প্রমাণিত বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে।
রাজ্যের শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মা জানান, ওই নিবন্ধ ছাপার কারণেই পত্রিকার সম্পাদক দেবযানী সিংকে বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে।