গর্ভপাতের অনুমতি পেলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা

ভ্রূণের ২৬ সপ্তাহের (৬ মাস) অন্তঃসত্ত্বা এক নারীকে গর্ভপাতের অনুমতি দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
অস্বাভাবিক ভ্রূণের পরিস্থিতি বিবেচনা করে কলকাতার শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতালের (এসএসকেএম) মেডিকেল বোর্ডের প্রতিবেদনের ভিত্তিতে আদালত আজ সোমবার ছয় মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে গর্ভপাতের অনুমতি দিয়েছেন।
ভারতীয় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার অনলাইন প্রতিবেদনে বলা হয়, আজ বিচারপতি দীপক মিশ্র ও এম খানউইলকরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ অনুমতি দেন। এর আগে গত ২৩ জুন আদালত এসএসকেএমের সাত সদস্যের চিকিৎসক দলের একটি বোর্ডকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়, অন্তঃসত্ত্বা ওই নারীর গর্ভের ভ্রূণে অস্বাভাবিকতা রয়েছে। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছিলেন, শিশুটির জন্মের পরপরই অস্ত্রোপচার করতে হবে। এরপরেও শিশুটিকে বাঁচানো যাবে কি না, তা নিশ্চিত নয়। চিকিৎসকের এমন কাগজপত্র নিয়ে গর্ভপাত করানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন বারাসতের এক দম্পতি। এ আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ জুন আদালত এসএসকেএমের সাত সদস্যের চিকিৎসক দলের একটি বোর্ডকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন। ওই নারীর স্বাস্থ্যের সঙ্গে গর্ভপাত কতটা যৌক্তিক, তা-ও দেখতে বলা হয়। ২৯ জুনের মধ্যে হাসপাতালকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে মতামত জানতে চেয়েছিলেন আদালত।
আদালতের বেঞ্চ আজ বলেন, ‘মেডিকেল বোর্ডের দেওয়া প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই আমরা ওই নারীকে গর্ভপাতের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ভারতীয় আইনে অন্তঃসত্ত্বা হওয়ার ২০ সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধ। সাম্প্রতিক মাসগুলোতে এ বিষয়ে দেশটির সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দাখিল করা হয়। এই পিটিশন দাখিল করা ব্যক্তিদের মধ্যে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা কয়েকজন নারী রয়েছেন, যাঁরা ২০ সপ্তাহ পর গর্ভপাত করাতে চান। এ বিষয়টি আদালত সব সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়ে থাকেন।
এর আগে গত মে মাসে ভারতের হরিয়ানা রাজ্যের রোহতাকে সৎবাবার দ্বারা ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়া ১০ বছর বয়সী এক শিশুর গর্ভপাত করানো হয়। পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিজিআইএমএস) চিকিৎসকেরা শিশুটির গর্ভপাত করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।