ভারতের মহারাষ্ট্রে গলা কেটে বাবা-মাসহ নিজ পরিবারের ১৪ জনকে হত্যা করেছেন ৩৫ বছর বয়সী এক ব্যক্তি। এর মধ্যে সাতটিই শিশু, বাকি ছয়জন নারী। পরে ঘাতক আত্মহত্যা করেছেন। ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ের কাছের একটি এলাকায় গত শনিবার এ ঘটনা ঘটেছে। খবর এএফপির।
ঘটনাস্থল থানে শহর মুম্বাই থেকে মাত্র ২০ মাইল দূরে অবস্থিত। পুলিশ জানায়, শনিবার রাতে সেখানে পারিবারিক একটি অনুষ্ঠান উপলক্ষে জড়ো হয়েছিলেন অন্যরা। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের বাড়িতে ওই অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানেই দিবাগত মধ্যরাতের পর নারকীয় হত্যাযজ্ঞের শিকার হন তাঁরা। এর মধ্যে রয়েছে হামলাকারীর মা-বাবার পাশাপাশি কয়েকজন বোন ও তাঁদের সন্তানেরা। হতাহত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।
থানে পুলিশ হামলাকারীর নাম প্রকাশ করেছে। পুলিশের মুখপাত্র গঞ্জন লক্ষ্মণ কাবদুলে বলেন, হামলাকারীর নাম হাসনাইন আনোয়ার ওয়ারেকার। ছুরি দিয়ে পরিবারের ওই সদস্যদের গলা কেটে হত্যার পর তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এনডিটিভির খবরে বলা হয়, ওয়ারেকারের লাশ তাঁর নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
নিহত সাত শিশুর মধ্যে একটি তিন মাসের মেয়েও রয়েছে। এ ঘটনায় পরিবারটির বেঁচে যাওয়া একমাত্র মানুষ হাসনাইন ওয়ারেকারের ২১ বছর বয়সী বোন। তাঁর চিৎকারেই গভীর রাতে এলাকাবাসীর ঘুম ভাঙে। তারা ঘরের জানালা ভেঙে মেয়েটিকে উদ্ধার করে।
হাসনাইন কেন এই নারকীয় কাণ্ড ঘটিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। যদিও বার্তা সংস্থা পিটিআই বলেছে, জমিজমা নিয়ে বিরোধই এ হত্যাকাণ্ডের কারণ।
স্থানীয় গণমাধ্যমের খবর মোতাবেক, হাসনাইন দৃশ্যত খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আগে সবাইকে অচেতন করেন। এরপর কসাইয়ের কাজে ব্যবহৃত বড় ছুরি দিয়ে খুন করেন তাঁদের। তবে পুলিশের মুখপাত্র কাবদুলে বলেন, চেতনানাশক খাওয়ানোর বিষয়ে তাঁরা নিশ্চিত নন। তিনি আরও বলেন, তদন্তকারীরা মেডিকেল পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে বলা হয়, পারিবারিক অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই ওই বাড়িতেই রাত কাটানোর উদ্দেশ্যে ঘুমিয়ে পড়ে। এরপরই তাদের একে একে হত্যা করেন হাসনাইন। খবরে আরও বলা হয়, প্রাথমিক তথ্য-প্রমাণে ইঙ্গিত মিলেছে, হামলাকারী সব কটি দরজার খিল লাগিয়ে দেওয়ার পর পরিবারের ঘুমন্ত সদস্যদের হত্যা করেছেন। হামলাকারীর মৃতদেহের কাছে সেই ছুরিটি পাওয়া গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, হাসনাইন পেশায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।