গল্পটা একজন ক্রমিক খুনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমন রাঘব
রমন রাঘব

টালিগঞ্জের ছবি ‘বাইশে শ্রাবণ’-এর কথা হয়তো অনেক পাঠকেরই মনে আছে। একজন ক্রমিক খুনির গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেন সৃজিত মুখার্জি। সেই ক্রমিক খুনি বেছে বেছে গরিব মানুষকে খুন করতেন। ভারতে এমনই এক ক্রমিক খুনি রমন রাঘবের কথা তুলে এনেছে বিবিসি অনলাইন, যিনি বেছে বেছে গরিব মানুষকে হত্যা করতেন।
আজ থেকে প্রায় ৫০ বছর আগের কথা। সালটা ১৯৬৫ থেকে ৬৬। প্রথম দফায় ওই সময়ের মধ্যে ১৯ জন রমনের হামলার শিকার হয়। পুলিশ তখন তাঁকে ধরে নিয়ে গিয়েছিল। তবে প্রমাণ না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। দ্বিতীয় দফায় তিনি হত্যাকাণ্ড শুরু করে ১৯৬৮ সালের দিকে। তৎকালীন বোম্বেতে (বর্তমানে মুম্বাই) তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেন।
ক্রমিক খুনের জগতে পরিচিত এক নাম ‘জ্যাক দ্য রিপার’, যিনি একের পর এক খুন করেছেন কিন্তু ধরা পড়েননি। রমনকে বলা হয় ভারতের ‘জ্যাক দ্য রিপার’। তবে দুজনের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। আর সেটা হলো, শেষ পর্যন্ত রমন পুলিশের হাতে ধরা পড়েছিলেন।
রমন রাঘবের শিকার যারা হয়েছে তাদের মধ্যে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু ছিল, ছিল নবজাতকও। তবে তাদের সবার মধ্যে একটাই মিল—তারা দরিদ্র। তাদের কেউ ফুটপাতে, কেউ জরাজীর্ণ কুটিরে, আবার কেউ অস্থায়ীভাবে বানানো বাড়িতে বাস করত। হামলাগুলো করা হতো রাতের বেলায়। মৃত্যু নিশ্চিত করে মাথাগুলো শক্ত ও ভারী কিছু দিয়ে থেঁতলে দিত সে।

এসব তথ্য জানিয়েছেন রমাকান্ত কুলকার্নি, যিনি ১৯৬৮ সালে এ অপরাধ তদন্তের দায়িত্ব পান। তাঁর নেতৃত্বে তদন্ত চলাকালে ওই বছরের ২৭ আগস্ট পুলিশের হাতে ধরা পড়েন রমন। তাঁর দলের একজন উপপরিদর্শক বিভিন্ন ছবি ও হামলার শিকার হয়ে বেঁচে যাওয়া মানুষের কাছ থেকে পাওয়া বর্ণনার ভিত্তিতে রমনকে শনাক্ত করেন।

রমাকান্ত কুলকার্নির মতো একজন তরুণ পুলিশ কর্মকর্তাকে তদন্তভার দেওয়ায় অনেকেই তখন সংশয় প্রকাশ করে বলেছিলেন, এমন স্পর্শকাতর একটি বিষয় তদন্তের জন্য তিনি খুবই কম বয়সী একজন কর্মকর্তা। এই পুলিশ কর্মকর্তাই ১৯৯০ সালে মহারাষ্ট্র পুলিশের প্রধান হিসেবে অবসরে যান। ২০০৫ সালে তাঁর মৃত্যু হয়। তিনি রমনের ক্রমিক খুনসহ এ ধরনের অপরাধ নিয়ে ‘ফুটপ্রিন্ট অন স্যান্ডস অব ক্রাইমস’ ও ‘ক্রাইমস, ক্রিমিন্যাল অ্যান্ড কোপস’ নামের দুটি বই লেখেন। বইয়ে রমনের ব্যাপারে তিনি উল্লেখ করেন, ‘ওই খুনগুলোর প্রাথমিক উদ্দেশ্য সম্পর্কে তখন স্পষ্ট কোনো তথ্য ছিল না।’

এই পুলিশ কর্মকর্তার স্ত্রী লিলি কুলকার্নি ওই সময়ের স্মৃতিচারণা করে বলেন, ‘প্রায় প্রতিদিনই কোনো না কোনো খুন হতো। এসব খুনের খবর শুনে শহরে গুজব ছড়িয়ে পড়ত। কেউ কেউ বলতেন, অতিপ্রাকৃতিক কোনো শক্তি এসব খুন করছে। এমনকি কারও কারও ধারণা ছিল, তোতা বা বিড়ালের রূপ ধরে কেউ এসে খুন করে চলে যায়।’ আতঙ্কিত শহরবাসীর মনে স্বস্তি আনতে দুই হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়। তবু নাগরিক মনের আতঙ্ক কমছিল না। আঁধার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বহু এলাকার মানুষ লাঠিসোঁটা হাতে রাত জেগে পাহারা দিতেন।

রমনকে যেদিন ধরা হলো, সেদিনের স্মৃতিচারণা করে রমাকান্ত কুলকার্নির স্ত্রী বলেন, ‘গ্রেপ্তারের খবর শুনে আমার স্বামীর অফিসের সামনে জনতার ঢল নামে।’

রাঘবের শৈশব সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি তামিল। ছিলেন লম্বা ও সুঠামদেহী। তাঁর তেমন পড়াশোনা ছিল না। তিনি ছিলেন গৃহহীন।

পুলিশ কর্মকর্তার লেখা বইয়ে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারের পর প্রথম তিন দিন রমন মুখ খুলেননি। পুলিশকে তিনি কিছুই বলেননি। পরে তদন্ত কর্মকর্তারা তাঁর কাছে জানতে চান, তাঁর কিছু প্রয়োজন কি না? উত্তরে রমন বলেন, ‘মুরগি’। তাঁকে মুরগির তরকারি খেতে দেওয়ার পর জানতে চাওয়া হয়, তিনি আর কিছু চান কি না। উত্তরে রমন আরও মুরগি খেতে চান।

রমন ম্যাজিস্ট্রেটের কাছে ৪১ জনকে হত্যার কথা স্বীকার করেন। যদিও এই সংখ্যাটি আরও অনেক বেশি বলে পুলিশের দাবি। দায় স্বীকারের সময় তিনি বলেন, তিনি স্বেচ্ছায় কাজটি করেছেন। এ কাজ করার জন্য তিনি ‘স্রষ্টার’ কাছ থেকে নির্দেশ পেয়েছেন বলেও দাবি ছিল তাঁর।

বিচারকাজ চলার সময় রমনের আইনজীবীরা দাবি করেন, হত্যা করা ঠিক না বা এটি আইনের লঙ্ঘন—এটা তাঁদের মক্কেল জানতেন না। তবে পুলিশ পরীক্ষা-নিরীক্ষা করিয়ে আদালতে এই সনদ দেয় যে রমন মানসিক ভারসাম্যহীন নন। আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। রায়ে বিচারক তাঁকে ‘বিকৃত মানসিকতার’ ও ‘বর্বর মানসিকতার’ বলে উল্লেখ করেন।

এ রায় নিয়ে হাইকোর্টে যাওয়া হয়। হাইকোর্ট তাঁর মানসিক সুস্থতার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেন। তিন মনোবিদের সমন্বয়ে গঠিত প্যানেল বলেন, রমন ভগ্নমনস্ক ছিলেন। তিনি অলীক কল্পনার জগতে বাস করতেন। এসবের চিকিৎসা না হওয়ায় তিনি মানসিকভাবে অসুস্থ। আদালত তাঁর মৃত্যুদণ্ড রহিত করে আমৃত্যু নির্জন কারাবাসের দণ্ড দেন। এভাবে ১৮ বছর নির্জন কারাগারে থাকার পর ১৯৮৭ সালে কিডনির জটিলতায় রমন রাঘবের মৃত্যু হয়।

ক্রমিক খুনি রমনের কাহিনি নিয়ে ১৯৯১ সালে টেলিভিশনের জন্য একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল। আবারও তাঁর কাহিনি নিয়ে চলচ্চিত্র বানাতে যাচ্ছেন নির্মাতা অনুরাগ কাশ্যপ। হ​য়তো এই চলচ্চিত্রটির মাধ্যমেই আবার আলোচনায় চলে আসবেন এই ক্রমিক খুনি।