গাছ বাঁচাতে শান্তিনিকেতনে হুলুস্থুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছ কাটাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার উত্তপ্ত ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন। শান্তিনিকেতনের শ্যামবাটি এলাকার সড়ক সম্প্রসারণের জন্য গাছ কাটাকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত ছিল ক্যাম্পাস।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেশি–বিদেশি ছাত্রছাত্রীরা গাছ কাটতে বাধা দিলে স্থানীয় রূপপুর পঞ্চায়েতের তৃণমূল সভাপতি কাজী নুরুল হুদার নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন কর্মী পুলিশের সামনেই অতর্কিত হামলা চালান বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর। তাঁরা ছাত্রছাত্রীদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেন। আহত শিক্ষার্থীদের শান্তিনিকেতনের পিয়ারসন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপরেই সেখানের একটি ঐতিহ্যবাহী বটগাছ কেটে ফেলা হয়।

বন দপ্তর থেকে অনুমতি না নিয়ে গাছ কাটার অভিযোগ এনে এই গাছ কাটা বন্ধের জন্য পশ্চিমবঙ্গের বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত শান্তিনিকেতন থানায় শুক্রবার অভিযোগ  করেন। শ্যামবাটি থেকে প্রান্তিক রেলস্টেশন পর্যন্ত রাস্তা চওড়া করার জন্য পাশের গাছ কাটার কাজ শুরু করে কর্তৃপক্ষ। এতেই বাধা দেন স্থানীয় ব্যক্তিরা ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

আহত ছাত্রী পর্ণা চৌধুরী বলেছেন, ‘তৃণমূল নেতা নুরুল হুদার নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। হুদা নিজেই আমাদের চার ছাত্রীকে মারধর করেছে। এই হামলায় আমাদের বিভিন্ন রাজ্য এবং বিদেশি পড়ুয়ারাও আহত হয়েছেন।’

পোল্যান্ডের ছাত্র কামিম বলেছেন, ‘বটগাছ কাটা রুখতে আমরা সেখানে গিয়েছিলাম। অথচ পুলিশের সামনেই আমাদের মারধর করা হয়।’ আরেক ছাত্রী হিমাদ্রিজা চক্রবর্তী বলেছেন, ‘আমরা এই হামলার জন্য শান্তিনিকেতন থানায় এফআইআর করেছি।’

অবশ্য তৃণমূল নেতা নুরুল হুদা হামলার কথা অস্বীকার করে পাল্টা দাবি করে বলেছেন, ‘উন্নয়নকাজে বাধা দেওয়ায় আমরা ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছি। হামলার কোনো ঘটনা ঘটেনি।’