গাছ লাগালে ভর্তি ফ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজায়নের লক্ষ্যে ভারতের আসাম রাজ্যের শিক্ষামন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা অভিনব পন্থা বেছে নিলেন। গুয়াহাটিতে গতকাল সোমবার মে দিবসের এক অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, প্রথম বছরে যারা বিনা পয়সায় ভর্তি হয়েছে, তাদের দ্বিতীয় বর্ষেও একই সুবিধা নিতে হলে লাগাতে হবে গাছ। শুধু লাগালেই চলবে না, সারা বছর যত্ন নিয়ে সেই গাছের ছবি পেশ করতে হবে স্কুলে। তবেই মিলবে দ্বিতীয়বার বিনা পয়সায় ভর্তির সুযোগ।

পরিবেশ ধ্বংস হচ্ছে। গাছ কাটা হলেও পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণের অভাব থাকছেই। যদিও লাগানো হচ্ছে, সেগুলোর যত্ন হচ্ছে না। এমনটাই বারবার বলে চলেছেন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি বা সংস্থা। এবার অন্য কথা শোনালেন আসামের শিক্ষামন্ত্রী। গাছ লাগানো এবং তার যত্নের ভার দিলেন স্কুল পর্যায়ে উচ্চমাধ্যমিক এবং কলেজ পর্যায়ে স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের।

গতকাল গুয়াহাটি কটন কলেজে আসামের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের বৈঠক ডেকেছিল শিক্ষা দপ্তর। সেখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা। বক্তব্য দিতে গিয়ে হীমন্ত বলেন, ‘মাধ্যমিক পাশের পর উচ্চমাধ্যমিকে বা উচ্চমাধ্যমিক পাশের পর কলেজ স্তরে যারা বিনা পয়সায় ভর্তি হচ্ছে, তারা পরবর্তী শিক্ষাবর্ষেও বিনা পয়সায় ভর্তি হতে পারবে। তবে সে ক্ষেত্রে প্রয়োজন একটি শর্তপূরণ। একটি লাগিয়ে সারা বছর তার যত্ন নিতে হবে।’ হীমন্ত জানান, নিজের জমিতে গাছ লাগাতে হবে—এমন কোনো বাধাধরা নিয়ম নেই। স্কুল-কলেজ চত্বরে, রাস্তার ধারে বা যেকোনো সরকারি বা খাসজমিতে লাগালেও হবে। কিন্তু গাছ লাগানোর এবং এক বছর পর গাছটি কেমন রয়েছে, তার ছবি জমা দিতে হবে স্কুলে।

শুধু তা-ই নয়, প্রতিটি কলেজকে পরিবেশ নিয়ে নিয়মিত আলোচনা করার পরামর্শও দেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি কলেজগুলোকে সেই সেমিনারে ছবিও নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। মন্ত্রী নিজে সেই ছবি বিচার-বিবেচনা করে কলেজগুলোর কাজকর্মের মূল্যায়ন করবেন বলে জানিয়েছেন।

আসাম সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদ বিশ্বেন্দু ভট্টাচার্য। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি রাজ্যেরই উচিত এ ধরনের উদ্যোগে শামিল হওয়া। গাছ কেটে উন্নয়ন নয়, গাছ লাগাতেই হবে আগামী প্রজন্মের জন্য। গাছকে যত্ন নিয়ে বাঁচিয়ে রাখতে হবে। ছাত্রছাত্রীরাই এই কাজে হতে পারে সবচেয়ে বেশি সহায়ক।’