গান্ধী সাম্রাজ্য খাদের কিনারে: নটবর সিং
নেহরু-গান্ধী সাম্রাজ্য খাদের একেবারে কিনারে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন এ পরিবারের একসময়ের খুব ঘনিষ্ঠ বন্ধু নটবর সিং। ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস পার্টির তত্কালীন জাঁদরেল নেতা নিজের লেখা আত্মজীবনীমূলক বই ওয়ান লাইফ ইজ নট ইনাফ-এর প্রকাশনাকে সামনে রেখে টাইমস অব ইন্ডিয়াকে একটি সাক্ষাত্কার দিয়েছেন। সেখানে তিনি গান্ধী পরিবার নিয়ে অনেক খোলামেলা কথা বলেছেন।
নটবর সিং তাঁর বইয়ে উল্লেখ করেছেন, অন্তরাত্মার ডাকে নয়; ছেলে রাহুল গান্ধীর চাপে মা সোনিয়া গান্ধী ২০০৪ সালে প্রধানমন্ত্রী হতে চাননি। কারণ, মাকে কোনোভাবেই প্রধানমন্ত্রী হতে দিতে চাননি রাহুল। এ জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত ছিলেন তিনি। এই মন্তব্যে বেশ চটেছেন সোনিয়া। তিনি বলেছেন, সময় হলে তিনি নিজেই বই লিখে সবাইকে সত্যটা জানাবেন।
সোনিয়া-নটবরের এমন মুখোমুখি অবস্থায় সাক্ষাত্কারটিতে নটবর সিং কংগ্রেস ও নেহরু-গান্ধী পরিবারের রাজনীতি নিয়ে নানা কথা বলেছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটবরের বিরুদ্ধে ইরাকে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচি নিয়ে কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। সেই পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ডিসেম্বরে তিনি মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন।
সোনিয়া তাঁর বইটিতে আসল সত্য উন্মোচন করবেন বলে যে ঘোষণা দিয়েছেন, সেটা প্রত্যাশিত কি না—এমন প্রশ্নের জবাবে নটবর সিং বলেন, ‘আমি যদি তাঁর উপদেষ্টা হতাম, তাহলে আমি তাঁকে এ ব্যাপারে কিছু না বলার পরামর্শ দিতাম।’
বিশাল একটি দল থেকে কংগ্রেসকে ৪৪ আসনের দলে পরিণত করার ব্যর্থতা পুরোপুরি সোনিয়ার ওপর চাপিয়েছেন নটবর। এ ব্যাপারে রাহুলেরও কোনো ব্যর্থতা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, সোনিয়া ১৫ বছর ধরে দলের সভানেত্রী। যে কারও চেয়ে বেশি সময় ধরে তিনি ওই পদে আছেন। রাহুলকে ঘিরে প্রত্যাশা ছিল। তারকা প্রচারকারী হিসেবে এবারের লোকসভা নির্বাচন ছিল রাহুলের জন্য একটি পরীক্ষা।
নটবর বলেন, বড় যেকোনো দলের নেতাদের দুটি বিষয় মনে রাখতে হয়। প্রথমত, রাজনীতি কোনো খণ্ডকালীন কাজের বিষয় না। এটি ২৪ ঘণ্টার কাজ। দ্বিতীয়ত, ভেতরে বারুদ থাকতে হবে, যা যেকোনো সময় জ্বলে উঠতে পারে।
নটবর বলেন, যদিও রাহুল বিস্ময়কর যুবক, তার পরও তার মধ্যে এই জিনিসটির ঘাটতি আছে।
চার দশক ধরে নেহরু-গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত একজন মানুষ হিসেবে আপনার কী মনে হচ্ছে, পারিবারিক সাম্রাজ্য শেষ হয়ে যাচ্ছে?—এ প্রসঙ্গে নটবর বলেন, তাঁরা খাদের কিনারে। আগামী নির্বাচনে দলটি ভালো করতে না পারলে তলানিতে চলে যাবে। তবে বর্তমান অবস্থার উন্নতি হলে পরিস্থিতি ভিন্ন হবে। বর্তমানে কংগ্রেসের কর্মীদের মনোবল একেবারে ভেঙে গেছে।
প্রিয়াঙ্কা গান্ধীর এখন রাজনীতিতে আসা উচিত কি না—এ প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাহুলের তাহলে কী হবে? রাহুলকে পেছনে ঠেলে প্রিয়াঙ্কাকে সামনে আনার মতো সিদ্ধান্ত পরিবারটি নেবে বলে তিনি মনে করেন না।
বর্তমান প্রধানমন্ত্রী বিজেপির নেতা নরেন্দ্র মোদির শাসনামল সম্পর্কে কংগ্রেসের এই নেতা বলেন, এ বিষয়ে কিছু বলার সময় এখনো আসেনি। তবে ফেব্রুয়ারিতে যখন তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি তাঁকে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের কথা বলেছিলাম। তিনি তাঁর শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়ে খুবই ভালো কাজ করেছেন।