গান্ধীকে অভিনব শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাত্মা গান্ধীর ১৪৮তম জন্মবার্ষিকী আজ সোমবার। এদিনে তাঁকে শ্রদ্ধায় স্মরণ করে খুদে শিক্ষার্থীরা। ছবিটি ভারতের আহমেদাবাদ থেকে সোমবার তোলা। ছবি: রয়টার্স
মহাত্মা গান্ধীর ১৪৮তম জন্মবার্ষিকী আজ সোমবার। এদিনে তাঁকে শ্রদ্ধায় স্মরণ করে খুদে শিক্ষার্থীরা। ছবিটি ভারতের আহমেদাবাদ থেকে সোমবার তোলা। ছবি: রয়টার্স

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে অভিনব সিদ্ধান্ত নিল বিজেপি-শাসিত আসাম সরকার। রাজ্যের সব সরকারি কর্মীকে রাজ্য সরকার খাদির পোশাক দেবে। এর জন্য সরকারি কোষাগার থেকে ১২ কোটি রুপি খরচ হবে বলে জানা গেছে।

আজ সোমবার মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৪৮তম জন্মদিন। গোটা ভারতেই দিনটি পালিত হচ্ছে যথাযথ মর্যাদার সঙ্গে। আসাম অবশ্য একটু অন্যভাবে পালন করছে দিনটি।

গান্ধীজয়ন্তী অনুষ্ঠানের ফাঁকে গুয়াহাটিতে রাজ্যের অর্থমন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা সাংবাদিকদের সামনে ঘোষণা করেন, প্রতিটি সরকারি কর্মীকে খাদির পোশাক দেওয়া হবে। আজই তিনি খাদি বোর্ডকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মীদের পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে খাদি বোর্ডও উপকৃত হবে। তাঁরা যদি সঠিকভাবে সরকারি কর্মীদের খাদি পরাতে পারেন, তাহলে বিদ্যালয়ের পোশাক বানানোর ভারও তাদের দেওয়া যেতে পারে। আর এর হাত ধরেই খাদিশিল্পের বিকাশ ঘটবে বলে তাঁর আশা।

প্রসঙ্গত, আসামে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতি শনিবার সরকারি কর্মীদের অসমিয়াদের নিজস্ব পোশাক ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়। পুরুষেরা কুর্তা-পাঞ্জাবি এবং নারীরা মেখলা-চাদর পরে শনিবার অফিস করছেন।

আসামের অর্থমন্ত্রী আরও বলেন, কর্মীদের কাউকেই বাধ্য করা হবে না খাদি পরার জন্য। তবে তাঁর বিশ্বাস, খাদির মতো সুন্দর পোশাক পেলে খুশি হয়েই সরকারি কর্মীরা তা পরবেন। তিনি বলেন, পুরুষদের জামা ও নারীদের সালোয়ারের জন্য কুপন দেওয়া হবে। তাঁরা পছন্দমতো খাদি স্টোর থেকে পোশাক কিনতে পারবেন।

আসাম সরকারের আশা, এপ্রিল মাসে রাজ্যের সবচেয়ে বড় উৎসব রঙালি বিহুর আগেই খাদি পোশাক বিতরণের কাজ শেষ হবে।