গান্ধীজয়ন্তীতে অভিনব স্মরণ

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপিত হলো অভিনবভাবে। পৃথিবীর ৪০ দেশের সেরা শিল্পীরা গাইলেন গান্ধীজির প্রিয় ভজন ‘বৈষ্ণব জন তো’। সাড়ে পাঁচ মিনিট দীর্ঘ এই ভজন মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোরিও গুতেরেস, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, মন্ত্রী উমা ভারতীসহ অনেক বিশিষ্ট অতিথি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার ৫ মিনিট ৩৪ সেকেন্ডের ওই ভিডিও সংবাদমাধ্যমে প্রকাশ করে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাস সে দেশের সেরা শিল্পীদের দিয়ে এই ভজন গাইয়েছে। গান্ধীজির অতি প্রিয় বিখ্যাত এই ভজনের রচয়িতা গুজরাটি কবি নরসিংহ মেহতা। গান্ধীজির প্রতিটি প্রার্থনা ও অনুষ্ঠানের শুরু হতো এই ভজন দিয়ে।
আমেরিকা থেকে অ্যাঙ্গোলা, শ্রীলঙ্কা থেকে সার্বিয়া, ইরাক থেকে আইসল্যান্ড, ৪০ দেশের প্রতিথযশা শিল্পীদের দিয়ে এই ভজন রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ থেকে ভজনটি গেয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। শ্রদ্ধার্ঘ্যর শুরুতে রয়েছে আইনস্টাইনের সেই অমোঘ বাণী যেখানে তিনি বলেছেন, ‘প্রজন্মের পর প্রজন্ম বিস্ময়ে অবলোকন করবে, রক্তমাংসের এমন একজন মানুষ কখনো এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন।’