গান্ধীর চশমা বিক্রি প্রায় ৩ কোটিতে, ৫০ বছর পড়ে ছিল ড্রয়ারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের একটি বাসার ড্রয়ারে ৫০ বছর পড়ে ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মোহন দাস করমচাঁদ গান্ধীর ওই চশমা। ছয় মিনিটের টেলিফোন নিলামে যুক্তরাষ্ট্রের একজন সংগ্রাহক চশমা জোড়া কিনে নেন প্রায় তিন কোটি টাকায়।

ভারতের স্বাধীনতার অন্যতম নায়ক মহাত্মা গান্ধীর এক জোড়া চশমা যুক্তরাজ্যে নিলামে ৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ১ ডলার ৮৫ টাকা ধরলে ২ কোটি ৯০ লাখ টাকায় বিক্রি হয়েছে ওই এক জোড়া চশমা।

যুক্তরাজ্যের এক ব্যক্তির বাসার ড্রয়ারে প্রায় ৫০ বছর ধরে পড়ে ছিল ভারতের স্বাধীনতার নেতা মোহন দাস করমচাঁদ গান্ধীর ওই চশমা। ছয় মিনিটের টেলিফোন নিলামে যুক্তরাষ্ট্রের একজন সংগ্রাহক চশমা জোড়া কিনে নেন।

মহাত্মা গান্ধী
ছবি: সংগৃহীত

শুক্রবার রাতে ইনস্টাগ্রামে ইস্ট ব্রিস্টল অকশনসের পক্ষ থেকে লেখা হয়, ‘মাত্র চার সপ্তাহ আগেই চশমাটি আমরা পেয়েছিলাম। এক ভদ্রলোক সেটি ওখানে রেখে গিয়েছিলেন; চশমাটি গান্ধী নিজে ওই ভদ্রলোকের এক চাচাকে দিয়েছিলেন। সেই অবিশ্বাস্য উপহারটি নিলামে তুলে অবিশ্বাস্য ফল পেয়েছি আমরা!’

অহিংস আন্দোলনের পুরোধা মহাত্মা গান্ধী ওই চশমা ১৯২০ কিংবা ১৯৩০-এর দশকে, দক্ষিণ আফ্রিকায় থাকার সময় পরতেন বলে জানিয়েছে ওই অকশন হাউস।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, নিলামে চশমাটির দাম ১৯ হাজার ৬৩৪ ডলার বা ১৬ লাখ ৬৫ হাজার টাকার মতো উঠবে।

গান্ধীর ব্যবহার করা সেই চশমা
ছবি: এএফপি

এ মাসের শুরুতে নিলামকারী অ্যান্ড্রু স্টো গণমাধ্যমকে বলেছিলেন, যে ব্যক্তি চশমাটি তাঁদের দিয়ে গেছেন, তিনি নাকি বলেছিলেন, ‘কাজে না লাগলে ফেলে দিয়েন!’

অ্যান্ড্রু স্টো বলছেন, গান্ধীর চশমা জোড়ার মালিক ব্রিটেনের ম্যাঙ্গোসফিল্ড এলাকার একজন বয়স্ক ব্যক্তি। তাঁর বাসার একটি ড্রয়ারে ৫০ বছরের বেশি সময় ধরে চশমা জোড়া পড়ে ছিল। লকডাউনের সময় তিনি বাসা পরিষ্কার করতে গিয়ে চশমা জোড়া খুঁজে পান। তাঁদের একজন আত্মীয় ১৯২০-এর দশকে দক্ষিণ আফ্রিকায় মোহন দাস করমচাঁদ গান্ধীর সঙ্গে দেখা করার পর থেকে কয়েক প্রজন্ম ধরে চশমা জোড়া এই পরিবারে রয়েছে।

চশমা জোড়া খুঁজে পাওয়ার পর মালিক নিলাম করার জন্য অ্যান্ড্রু স্টো নিলাম প্রতিষ্ঠানকে দেন। কারণ তিনি চেয়েছিলেন, চশমা জোড়া এমন কেউ কিনুক, যিনি এর ঐতিহাসিক মূল্য বুঝবেন। তথ্যসূত্র: এএফপি ও বিবিসি