গান্ধীর বদলে মোদির ছবি, ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেভিআইসির এ বছরের ক্যালেন্ডার
কেভিআইসির এ বছরের ক্যালেন্ডার

ভারতের সরকারি প্রতিষ্ঠান খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের (কেভিআইসি) এ বছরের ক্যালেন্ডারে মহাত্মা গান্ধীর বদলে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়ায় ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন সূত্র গতকাল বলেছে, এটি ‘ভিত্তিহীন ও অপ্রয়োজনীয় বিতর্ক’।
১৯২০ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে খাদি আন্দোলনের সূচনা করেছিলেন ভারতের স্বাধীনতাসংগ্রামের নেতা মহাত্মা গান্ধী। বছরের পর বছর ধরে কেভিআইসির ক্যালেন্ডার ও ডায়েরিতে তাই মহাত্মা গান্ধীর ছবিই থাকত। কিন্তু চলতি বছরের ক্যালেন্ডার ও ডায়েরিতে গান্ধীর চরকায় সুতা কাটতে থাকা ঐতিহ্যবাহী ছবিটির আদলে নরেন্দ্র মোদির ছবি দেওয়া হয়েছে।  
এ নিয়ে নিন্দা শুরু হলে সরকারের একটি সূত্র কয়েকটি বছরের উল্লেখ করে বলেছে, ‘অনেকবারই কেভিআইসির ক্যালেন্ডারে মহাত্মা গান্ধীর ছবি ছিল না। এখানে এমন কোনো নিয়ম নেই যে শুধু গান্ধীজির ছবিই ব্যবহার করতে হবে।’
আরেকটি সূত্র বলেছে, প্রধানমন্ত্রী মোদি গান্ধীজির জায়গা নিয়েছেন, এমন কথা বলাও ভুল। এ সূত্রের ভাষায়, ‘মোদি এখন তারুণ্যের প্রতীক। আর তরুণদের মধ্যে খাদি পণ্যের জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তা-ও এর একটি উদাহরণ।’
বলা হচ্ছে, কংগ্রেসের অধীনে ৫০ বছর ধরে খাদির বিক্রি ২ থেকে ৭ শতাংশে আটকে ছিল। কিন্তু গত দুই বছরে তা ৩৪ শতাংশে পৌঁছেছে।
তবে ভারতের বিরোধী দলগুলো এ ঘটনার বিরোধিতা করেছে এবং ক্ষোভ জানিয়েছে। টুইটার বার্তায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘গান্ধীজি হলেন জাতির পিতা। মোদিজি কী?’ অরবিন্দ কেজরিওয়াল টুইটে লিখেছেন, ‘শুধু চরকা ঘুরিয়ে কেউ গান্ধী হয়ে উঠতে পারবেন না। এটি শুধু তাঁদের হাস্যকর করে তুলবে।’
কেভিআইসির কিছু কর্মীও গত বৃহস্পতিবার কালো কাপড়ে মুখ ঢেকে এ ঘটনার প্রতিবাদ করেছেন।