গাফিলতির কারণে ২ চিকিৎসকের লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতায় গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগে দুই চিকিৎসকের চিকিৎসার সনদ সাময়িক বাতিল করেছে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

এই দুই চিকিৎসক হলেন উষা গোয়েংকা এবং সার্জন শ্যামল সরকার। উষা গোয়েংকার সনদ এক বছরের জন্য এবং শ্যামল সরকারের সনদ ছয় মাসের জন্য বাতিল করা করেছে। এ সময়ে এই দুই চিকিৎসক হাসপাতাল বা অন্য কোথাও চিকিৎসা করতে পারবেন না।

ঘটনার সূত্রপাত ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি। ওই দিন হুগলি জেলার ডানকুনিতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সঞ্জয় রায় নামের এক যুবক। আহত সঞ্জয়কে নিয়ে আসা হয় কলকাতার বাইপাসের পাশের এক নামী বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চিকিৎসা চলে। এ সময় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু অল্প সময়ে হাসপাতালের বিল দেখে সঞ্জয়ের পরিবার অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে তারা সঞ্জয়কে পিজি হাসপাতালে নিয়ে চিকিৎসা করার আবেদন করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিল পরিশোধ না করা পর্যন্ত রোগীকে ছাড়া হবে না বলে জানিয়ে দেয়। পরে সঞ্জয়ের পরিবার তাদের ব্যাংকে থাকা স্থায়ী আমানতের কাগজপত্র জমা দিয়ে রোগীকে নিয়ে পিজিতে ভর্তি করান। কিন্তু ভর্তির দিন রাতেই পিজি হাসপাতালে মারা যান সঞ্জয়।

ঘটনা নিয়ে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সঞ্জয়ের পরিবার। ওই হাসপাতালের বিরুদ্ধে দায়ের করা হয় পুলিশি অভিযোগ। শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। দাবি করা হয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশ গঠিত হয় রাজ্য মেডিকেল কাউন্সিল। সেই কাউন্সিল পুরো ঘটনার তদন্ত করে নয় মাস ধরে। সংশ্লিষ্ট হাসপাতালের ওই দুই চিকিৎসকের চিকিৎসায় গাফিলতি এবং চিকিৎসাপদ্ধতিতে ত্রুটি পায় মেডিকেল কাউন্সিল। পরে দুই চিকিৎসকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।