গাড়ি অতিক্রম করায় গুলি করে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি অতিক্রম করায় ভারতের বিহার রাজ্যের শাসক দল সংযুক্ত জনতা দলের (জেডিইউ) নেত্রী মনোরমা দেবীর ছেলে রকি যাদবের গুলিতে এক কলেজছাত্র খুন হয়েছেন। আজ রোববার রাতে বিহারে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। 

নিহত কলেজছাত্রের নাম আদিত্য সচদেব (১৯)। তিনি স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশ নিয়েছেন। ঘটনার পর থেকে রকি ও তাঁর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মী পলাতক। তাঁদের পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে পুলিশ রকির বাবা বিন্দি যাদবকে আটক করেছে।
এনডিটিভির খবরে বলা হয়, আজ সন্ধ্যার দিকে নিরাপত্তাকর্মীকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে গয়ার দিকে যাচ্ছিলেন রকি। তখন তাঁদের গাড়ি অতিক্রম করে যাচ্ছিল আরেকটি গাড়ি। ওই গাড়িতে ছিলেন কলেজছাত্র আদিত্য ও তাঁর এক বন্ধু। এতে ক্ষিপ্ত হন রকি। একপর্যায়ে আদিত্যের গাড়িকে থামানো হয়। দুজনের মধ্যে শুরু হয় তর্কাতর্কি। একপর্যায়ে নিজের রিভলবার বের করে আদিত্যকে লক্ষ্য করে গুলি ছোড়েন রকি। এতে ঘটনাস্থলেই মারা যান আদিত্য।
রকির বাবা বিন্দি যাদব অভিযোগ করেন, আদিত্য ও তাঁর বন্ধু মাতাল ছিলেন। ওই দুজন তাঁর ছেলে রকিকে মারধর করেন। বিন্দি যাদবের দাবি, আত্মরক্ষার জন্যই তাঁর ছেলে লাইসেন্স করা রিভলবার থেকে গুলি ছোড়া হয়।
নিহত আদিত্যর বন্ধু পুলিশকে জানায়, রকির গাড়ি অতিক্রম করলে ওই গাড়ি থেকে ফাঁকা গুলি ছুড়ে আদিত্যদের গাড়িকে থামার নির্দেশ দেওয়া হ​য়। থামলে জোর করে আদিত্য ও তাঁকে গাড়ি থেকে বের করে মারধর করা শুরু করেন রকি। আদিত্য ও তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পেছন দিক থেকে রকি গুলি ছোড়েন।
গয়ার জ্যেষ্ঠ পুলিশ সুপার গরিমা মল্লিক বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ওই এলাকায় ব্যাপক অভিযান চালানো হচ্ছে। তদন্তও চলছে। শিগগিরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে।