গাড়ি প্রস্তুত, কিন্তু বৈঠকে গেলেন না সোনিয়া
বাড়ির দোরগোড়ায় অপেক্ষা করছিল গাড়ি। বাড়ি থেকে একটু দূরে সভাস্থল। সেখানে ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে পৌঁছে দেওয়ার জন্যই চালক গাড়ি নিয়ে অপেক্ষায়। কিন্তু তিনি বাড়ি থেকে বের হলেন না। একটি কারণ হলো দিল্লির দূষণ, যা ইতিমধ্যেই খবরের শিরোনাম হয়েছে। অপর কারণটি হলো সোনিয়া অসুস্থ।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যওয়ালাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, ৬৯ বছর বয়সী সোনিয়া গান্ধীর গলার অবস্থা ভালো নয়।
সোনিয়ার সভাপতিত্বে দলের কংগ্রেস ওয়ার্কিং কমিটির আজ সোমবারের বৈঠক নানা সিদ্ধান্ত গ্রহণের কথা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, গত আগস্টে বারানসিতে রোড শোর সময় অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন সোনিয়া। এরপর থেকে তিনি চিকিৎসকের পরামর্শে ঝুঁকি এড়িয়ে চলছেন। বাসার বাইরে খুব একটা যান না। উত্তর প্রদেশ ও পাঞ্জাব রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে দলের নির্বাচনী কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল।
সোনিয়ার অনুপস্থিতিতে ছেলে রাহুল গান্ধী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে রাহুলকে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিতে সর্বসম্মতিক্রমে অনুরোধ জানাল ওয়ার্কিং কমিটি। ৪৬ বছর বয়সী এই নেতাকে দীর্ঘদিন ধরেই মায়ের পদে চাইছেন কংগ্রেসের শীর্ষ নেতারা।
সোনিয়া ১৯৯৮ সাল থেকে কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাতাসে ধুলা ও ধোঁয়ার মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ভারতের রাজধানী নয়াদিল্লির স্কুলগুলো তিন দিন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ দিন সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়েছে। গতকাল রোববার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের রাজ্য সরকার এ ঘোষণা দেয়। কয়েক দিন থেকে ধুলা ও ধোঁয়ার মোটা স্তর ঢেকে ফেলেছে রাজধানী শহরকে। এ অবস্থায় সৃষ্ট সংকটময় পরিস্থিতির কারণে স্থানীয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের অনেক সভা স্থগিত করতে হয়েছে। গত শনিবার দিল্লি নগরকে ‘গ্যাস চেম্বার’-এর সঙ্গে তুলনা করেন কেজরিওয়াল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে দিল্লি অধিকাংশ স্থানে বায়ুদূষণের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে ১৫ গুণ বেশি।