গিনেস বুকে বৃহত্তম লাড্ডু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহত্তম লাড্ডু
বৃহত্তম লাড্ডু

গিনেস বুকে ভারতের বৃহত্তম লাড্ডুর নাম ঠাঁই পেয়েছে এবারও। লাড্ডুটির ওজন ৮ হাজার ৩৬৯ কেজি। এটি বানিয়েছে অন্ধ্র প্রদেশের তপেশ্বরম গ্রামের ‘ভক্ত জ্ঞানীয় সুইটস’ নামের মিষ্টির দোকান। গত সোমবার লাড্ডু নির্মাতার হাতে এসে পৌঁছেছে গিনেস বুকের বিশ্ব রেকর্ড করার সনদটি।
গত ১৭ সেপ্টেম্বর ছিল গণেশ চতুর্থী উৎসব। বিশেষ করে মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশে এটি একটি বড় উৎসব। গণেশ চতুর্থী উৎসবেই প্রতিবছরের মতো এবারও বিশালাকার একটি লাড্ডু তৈরি করে ভক্ত জ্ঞানীয় সুইটস।
ভক্ত জ্ঞানীয় সুইটস ২০১১ সালে ৫ হাজার ৫৭০ কেজি, ২০১২ সালে ৬ হাজার ৫৯৯ কেজি, ২০১৩ সালে ৭ হাজার ১৩২ কেজি এবং গত বছর ৭ হাজার ৮৫৮ কেজি লাড্ডু তৈরি করে গিনেস বুকে নাম তুলেছিল।
গর্বিত মিষ্টি ব্যবসায়ী সালাদি ভেংকটেশ্বরা রাও ওরফে শ্রীনি বাবু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ১৫ সেপ্টেম্বর ১৫ জন কারিগর অতিকায় লাড্ডুটি তৈরি করেন। এতে সময় লেগেছে ১২ ঘণ্টা। উপকরণ লেগেছে ২ হাজার ৯০০ কেজি চিনি, ২ হাজার ৩০০ কেজি ডাল, ১ হাজার ১০০ কেজি ঘি, ৭০০ কেজি মিছরি, ৮০০ কেজি কাজু ও কিশমিশ, ৪০ কেজি এলাচ এবং ১০ কেজি কর্পূর। খরচ হয়েছে সাড়ে ১৬ লাখ রুপি। শ্রীনি বাবু বলেছেন, আগামী দিনে তাঁর লক্ষ্য ১০ হাজার কেজি ওজনের লাড্ডু তৈরি করা।