গুগলের স্ট্রিট ভিউয়ে ভারতের 'না'
নিরাপত্তা সংস্থা থেকে আপত্তির পর স্ট্রিট ভিউ সেবার জন্য গুগলের ছবি সংগ্রহের পরিকল্পনা বাতিল করে দিয়েছে ভারত। এই সেবা নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে বিবিসিকে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা।
গুগল স্ট্রিট ভিউ তার ব্যবহারকারীদের সেবা দিতে বিভিন্ন দেশের রাস্তা, পর্যটন স্থান, পাহাড় ও নদ-নদীর ৩৬০ ডিগ্রিতে দেখার জন্য হাইডেফিনিশন (এইচডি) চিত্র সংগ্রহ করছে, যা এরই মধ্যে অনেক দেশে উদ্বেগের সৃষ্টি করেছে।
ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুগল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে যে ভারত তাদের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো মনে করে, এক মার্কিন চিত্রগ্রাহকের তোলা ছবি দেখে ২০০৮ সালে মুম্বাই হামলার পরিকল্পনা করা হয়েছিল।
সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ভারতের পত্রিকা দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, স্পর্শকাতর সামরিক প্রতিরক্ষা স্থাপনাগুলো প্রধান উদ্বেগের বিষয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টিতে, এই সেবা একবার চালু হলে তা পর্যবেক্ষণ করা সম্ভব নয়। আর এটা হলে, তা জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে।
গুগলের এক মুখপাত্র বিবিসিকে বলেন, তাঁরা ভারতের ওই সিদ্ধান্তের বিষয়ে কোনো চিঠি এখনো পাননি।
২০১১ সালে বেঙ্গালুরুর দক্ষিণাঞ্চলীয় এক শহরে পুলিশের আপত্তির পর গুগলের পরীক্ষামূলকভাবে চিত্র সংগ্রহের কাজ বন্ধ হয়ে যায়।