ইকলাখ হত্যা নিয়ে উত্তর প্রদেশ সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাল। তবে সেই প্রতিবেদনে সরাসরি ‘গো-হত্যা’ অথবা ‘গো-মাংস’ শব্দগুলোর উল্লেখ করা হয়নি। ইকলাখের বাড়িতে হামলা করা উত্তেজিত জনতার উদ্দেশ্য কী ছিল তা-ও স্পষ্ট করে বলা হয়নি। শনাক্ত করা হয়নি আক্রমণকারীদের। বলা হয়েছে, ‘নিষিদ্ধ পশুর’ মাংস খাওয়ার অসমর্থিত গুজব শুনে অচেনা-অজ্ঞাত লোকেরা মুহম্মদ ইকলাখের পরিবারের ওপর চড়াও হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, উত্তর প্রদেশ সরকারের প্রতিবেদনের মূল ভিত্তি থানায় দাখিল হওয়া এফআইআর। ঘটনার উল্লেখ করে তাতে বলা হয়েছে, তদন্ত এখনো শেষ হয়নি।
চার দিন আগে রাজ্য সরকারের কাছে কেন্দ্র ইকলাখ ঘটনার বিষয়ে প্রতিবেদন চেয়েছিল। গতকাল সেই প্রতিবেদন পৌঁছানোর আগের দিন গত সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সব স্পর্শকাতর রাজ্যগুলোকে একটি নির্দেশ পাঠায়। তাতে বলা হয়, দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র নষ্ট করে এমন কোনো ঘটনা যেন বরদাশত করা না হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয় এমন চক্রান্ত কড়া হাতে মোকাবিলা করা হবে। এ বিষয়ে রাজ্যগুলোকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে বলা হয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী আইনশৃঙ্খলা রাজ্যের এখতিয়ারভুক্ত হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এই হুঁশিয়ারি রাজ্যগুলোকে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে। ওই প্রতিবেদনে দেশের বিভিন্ন অংশে সাম্প্রদায়িকতায় উসকানি ও হানাহানির ব্যাপক আশঙ্কার উল্লেখ রয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব রাজ্যে সাম্প্রদায়িক চক্রান্তের অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার লক্ষ্ণৌয়ে ক্ষুদ্র শিল্পের প্রতিনিধিদের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘কোনো কোনো শক্তি সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমাদের সতর্ক থাকতে হবে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো বিসাদা গ্রামের ঘটনা নিয়ে মুখ না খুললেও রাজ্যগুলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারি বুঝিয়ে দেয়, সরকার এই ঘটনায় বিব্রত। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলিও এই বিষয়ে তাঁর বিরক্তি প্রকাশ করেছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ইকলাখ ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে জেটলি বলেন, ভারতের সমাজ অত্যন্ত পরিণত ও প্রাপ্তমনস্ক। এ ধরনের ঘটনা নিশ্চিতই দেশের নাম ও ভাবমূর্তি উজ্জ্বল করে না। এসব ঘটনা সরকারকেও লক্ষচ্যুত করে।
জেটলি আপত্তি ও বিরক্তি প্রকাশ করলেও তাঁর দলের হিন্দুত্ববাদী নেতারা কিন্তু কর্ণপাতে রাজি নন। বিহারের সম্ভাব্য মুখ্যমন্ত্রী সুশীল মোদি ক্ষমতায় এলে রাজ্যে গো-হত্যা নিষিদ্ধ করার কথা বলার পরের দিনই বিজেপির সাংসদ সাক্ষী মহারাজ মঙ্গলবার বলেছেন, গো-মাতা রক্ষা করতে তিনি মরতেও যেমন প্রস্তুত, তেমনি কাউকে মারতেও পিছপা হবেন না।