ভারতের গুজরাট উপকূলে গতকাল শুক্রবার গুলিতে সে দেশের এক জেলে নিহত হয়েছেন। পাকিস্তানের সমুদ্র নিরাপত্তা সংস্থার সদস্যদের গুলিতে ওই জেলে নিহত হয়েছেন বলে ভারতের দাবি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের একাধিক সূত্র বলেছে, গুজরাটের ওকাহ উপকূলে গতকাল সকালে একটি নৌকায় মাছ ধরছিলেন জেলে ইকবাল। ভারতের জলসীমাতেই মাছ ধরার সময় পাকিস্তান ম্যারিটাইম সিকিউরিটি এজেন্সির সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইকবাল নিহত হন।
এদিকে ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়, গুজরাট উপকূলে আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরার সময় গুলিতে একজন ভারতীয় জেলে নিহত হয়েছেন। পাকিস্তানের কোনো জাহাজ থেকে ওই জেলেকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে কি না তা স্পষ্ট নয়।
এদিকে পাকিস্তানের দৈনিক ডন-এর খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ পাকিস্তানের বিষয়ে নাক গলানোর জন্য ভারতকে দোষারোপ করেছেন। গত বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, নিয়ন্ত্রণরেখার উত্তেজনা যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের যুক্তরাষ্ট্র যাওয়া প্রসঙ্গে সিনেটে দেওয়া ব্রিফিংয়ে সারতাজ আজিজ এসব কথা বলেন।