গুজরাট এখনো উত্তপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটার দাবিতে প্যাটেল সম্প্রদায়ের আন্দোলন নিয়ে ভারতের গুজরাট এখনো উত্তপ্ত রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন শহরে কয়েক হাজার নিরাপত্তাকর্মীকে টহল দিতে দেখা গেছে।
এদিকে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ক্রোধের রাজনীতি’ই এই সংকটের জন্য দায়ী। খবর এএফপি ও এনডিটিভির।
নিম্নবর্ণের জন্য নির্ধারিত অন্যান্য অনগ্রসর জাতি (ওবিসি) কোটার তালিকায় প্যাটেলদের অন্তর্ভুক্ত করার দাবিতে মঙ্গলবার সম্প্রদায়টির কয়েক লাখ সদস্য গুজরাট রাজ্যের প্রধান শহর আহমেদাবাদে জমায়েত হয়। এই তালিকাভুক্ত হলে সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যায়। গতকাল পর্যন্ত সংঘর্ষে একজন পুলিশসহ অন্তত নয়জনের প্রাণহানি হয়েছে।
চলমান সংঘাতের সূতিকাগার আহমেদাবাদ শহর গতকাল অনেকটা শান্ত ছিল। শহরটির কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান পুনরায় খুলতে শুরু করেছে। তবে নাশকতার আশঙ্কায় গুজরাটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আহমেদাবাদসহ রাজ্যের সুরাট, মহেসানা জেলাসহ বিভিন্ন এলাকায় গতকালও হাজার হাজার নিরাপত্তাকর্মীকে টহল দিতে দেখা যায়। এর মধ্যে আহমেদাবাদ ও সুরাটের বিভিন্ন এলাকায় কারফিউ অব্যাহত রয়েছে। এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গতকাল দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল। ইন্টারনেট ও মুঠোফোন সেবাও বন্ধ রয়েছে।
চলমান আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল পুলিশের গুলিতে নিহত প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, কোটার দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথে থেকে আন্দোলন করে যাবেন।
গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে প্যাটেল সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার দাবি প্রত্যাখ্যান করেছেন তিনি।
তদন্তের নির্দেশ: আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের বাড়াবাড়ি আচরণের অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছেন গুজরাটের হাইকোর্ট। আদালতের এক নির্দেশে আহমেদাবাদের পুলিশপ্রধানকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মোদির সমালোচনায় রাহুল: মোদি ক্রোধকে পুঁজি করে রাজনীতি করেন—কংগ্রেসের এমন অভিযোগ অনেক পুরোনো। নতুন পরিস্থিতিতে সেই পুরোনো অভিযোগ আবার ঝালিয়ে নিলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। তিনি গতকাল বলেন, ‘গুজরাটে যা ঘটছে, তা ক্রোধের রাজনীতির ফল। মোদি এই রাজনীতিই করে থাকেন। আমরা বিশ্বাস করি, ক্রোধের রাজনীতি মোদিকে অনেক কিছুই দিচ্ছে। তবে তা দেশের জন্য কোনো লাভ বয়ে আনছে না।’