গুজরাট চষে ফেলার ছক মোদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কারও ওপর ভরসা না রেখে আরও একবার গুজরাট জেতার দায় নিজের কাঁধে তুলে নিলেন রাজ্যের ভূমিপুত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তা শুরু করলেন ‘মোদিচিত’ আক্রমণাত্মক ভঙ্গিতে। কংগ্রেসের উদ্দেশে বললেন, ‘আমাকে আক্রমণ করবেন করুন। কিন্তু দোহাই—আমার অতীত, আমাদের পরিবারের সামাজিক অবস্থানকে ঠাট্টার পর্যায়ে নামিয়ে আনবেন না।’

গুজরাট বিধানসভার ভোটের আর দুই সপ্তাহও বাকি নেই। সংখ্যালঘু, দলিত, তফসিল জাতি ও প্যাটেলদের সমর্থন নিয়ে এই প্রথম বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কংগ্রেস। কারও ওপর ভরসা না রেখে শেষ পর্বে নরেন্দ্র মোদিই তাই নেমে পড়লেন গতকাল সোমবার থেকে। রাজ্যজুড়ে ৩০টির মতো জনসভা করবেন তিনি। চষে ফেলবেন গুজরাটের এমাথা থেকে ওমাথা। আক্রমণের লক্ষ্য সেই কংগ্রেস, দেশকে যাদের হাত থেকে মুক্ত করার হাঁক পেড়ে তিনি সাড়ে তিন বছর আগে কেন্দ্রে ক্ষমতায় এসেছিলেন।

সেই কংগ্রেসের দায়িত্ব যাঁর ঘাড়ে, দলের সহসভাপতি সেই রাহুল গান্ধীর উদ্দেশে সোমবার নরেন্দ্র মোদি বলেন, ‘হ্যাঁ, ছেলেবেলায় বাবার সঙ্গে আমি চা বিক্রি করতাম। এতে আমার লজ্জা নেই। কংগ্রেস আমার ওই অতীতকে কটাক্ষ করে চলেছে। চা বিক্রি করা নিয়ে ওরা ঠাট্টা করে। ওদের উদ্দেশে আমি বলতে পারি, হ্যাঁ, আমি চা বিক্রি করেছি, কিন্তু দেশ বিক্রি করিনি।’

সোমবার সকালে মোদি যান রাজ্যের একেবারে পশ্চিম প্রান্তে কচ্ছ জেলায়। সেখানে আশাপুরা মাতার মন্দিরে পূজা দিয়ে তিনি শুরু করেন নির্বাচনী প্রচার পর্ব। কচ্ছের উপকূল ধরেই পাকিস্তান থেকে সন্ত্রাসীরা সমুদ্রপথে মুম্বাই এসে হামলা চালিয়েছিল। মোদি তাঁর ভাষণে সেই মুম্বাই হামলার প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ‘২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার কথা আপনাদের মনে আছে। তখন ভারতের দায়িত্বে ছিল কংগ্রেস সরকার। কী করেছিল তারা, দেশবাসী জানে। আমাদের আমলে পাকিস্তানি জঙ্গিরা হামলা চালিয়েছিল কাশ্মীরের উরিতে। তার জবাব আমরা কীভাবে দিয়েছিলাম, তা আপনারা জানেন। ওদের (কংগ্রেস) সঙ্গে আমাদের (বিজেপি) পার্থক্য এটাই।’

স্পষ্টতই প্রধানমন্ত্রী মোদি উরি হামলার পরে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’–এর কথা মনে করিয়ে দেন।