গুজরাট-হিমাচলের ফল: রাজনীতিবিদদের প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুজরাট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর নিজের রাজ্য হওয়ায় সেখানে বিজেপির পরাজয় কিংবা বিরোধীদের কাছে কোনো রকম পিছিয়ে পড়াও হতে পারত বিজেপি সরকারের নৈতিক পরাজয় বা নৈতিক পিছিয়ে পড়া। তাই সারা ভারতের লোকের এবং সেই সঙ্গে গণমাধ্যমের দৃষ্টি একটু বেশিই ছিল গুজরাটের ফলাফলের দিকে। সেই সঙ্গে কংগ্রেসশাসিত হিমাচল প্রদেশে মোদির বিজেপির উন্নয়ন প্রচার এবার কেমন ফল করে, দৃষ্টি ছিল সেদিকেও। এখন গুজরাট ও হিমাচলে বিজেপির জয়ের পর ভারতের রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের মূল্যায়ন কেমন সেদিকে দৃষ্টি দেওয়া যাক—

মোদি বলেন, ‘গুজরাট ও হিমাচলের ভোটের ফল সুশাসন ও উন্নয়নের রাজনীতির প্রতি মানুষের সমর্থন। আমি এ রাজ্যের কঠোর পরিশ্রমী বিজেপি কর্মীদের অভিবাদন জানাই। গুজরাট ও হিমাচলের জনগণের ভালোবাসা আর আস্থাকে কুর্নিশ জানাই।’

অপর দিকে সদ্য কংগ্রেসের সভাপতি হওয়া রাহুল গান্ধী টুইটারে লেখেন, ‘কংগ্রেস দল জনগণের রায় গ্রহণ করছে। দুই রাজ্যের নতুন সরকারকে শুভেচ্ছা জানাচ্ছি। গুজরাট ও হিমাচলের জনগণ আমাদের যে ভালোবাসা দেখিয়েছে, তার জন্য আমি হৃদয়ের অন্তস্তল থেকে তাঁদের ধন্যবাদ জানাই।’

বিজেপির সভাপতি অমিত শাহ বলেন, গুজরাটে বিজেপির বিজয় প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব এবং কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের নেওয়া কল্যাণমুখী নীতির প্রতি জনগণের অটুট বিশ্বাসের বিজয়।

কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অশোক গেলোট বলেন, ‘বিজেপি মোদি ও অমিত শাহর নিজেদের রাজ্যে ১০০ পেরোনোর জন্য সংগ্রাম করতে হচ্ছে। কংগ্রেসের নির্বাচনী প্রচার এখানে প্রভাব ফেলেছে। আমরা অনেকগুলো সমস্যা সামনে এনেছি, কিন্তু বিজেপি সেগুলোর কোনো সদুত্তর দিতে পারেনি। বিজেপি সমস্যা সমাধানের নির্বাচন লড়েনি। মোদি তাঁর আবেগকে ইস্যু করে নির্বাচন লড়েছেন।’

সাবেক মন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুর বলেন, ‘কংগ্রেস এখন পর্যন্ত ৭৫টি আসনে নেতৃত্ব দিচ্ছে, যা ভালো। এটা গত নির্বাচনের চেয়ে ভালো ফল। যদি আমরা গন্তব্যে পৌঁছতে না-ও পারি, তাহলেও যাত্রা ভালো হয়েছে এবং গণনা শেষে ফলাফল এর চেয়েও ভালো দেখাতে পারে।’

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলেন, ‘এই বিজয়ের জন্য গুজরাটের জনগণকে কৃতিত্ব দিতে চাই। সেই সঙ্গে এ-ও নিশ্চয়তা দিতে চাই, আগামী পাঁচ বছর রাজ্যের জনগণ যেভাবে চাইবে, বিজেপি সেভাবেই কাজ করবে।’

গোয়ার মুখ্যমন্ত্রী সাবেক প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর বলেন, উদ্বোধনী ইনিংসেই তিনি (রাহুল গান্ধী) শূন্য হাঁকালেন।

কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বলেন, একদল লোক উন্নয়ন নিয়ে উপহাস-বিদ্রূপ করেছে, আরেক দল লোক উন্নয়নের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ছিল। জনগণ ‘মর্যাদার সঙ্গে উন্নয়নে’র প্রতি আস্থা প্রদর্শন করেছে এবং উন্নয়নের প্রতি উপহাস-বিদ্রূপকারীদের শিক্ষা দিয়েছে।

এবার কংগ্রেস কি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে কি না, এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, এটা সুখের ব্যাপার যে এখানে উন্নয়নের বিজয় হয়েছে। নির্বাচনে বিজয়ী হওয়াই শেষ কথা। এই জয় প্রত্যেক বুথকর্মীর অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্জিত ও উন্নয়নে আস্থা রাখা মানুষদের বিজয়।

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী মোদি নিজে ৪১টি সমাবেশ করার পরও ব্যাপক বিজয় ছাড়া সাধারণ ব্যবধানের বিজয় বিজেপিকে নিশ্চয়ই উদ্বিগ্ন করবে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া