গুজরাটে আবার পাস হলো সন্ত্রাসবিরোধী বিতর্কিত বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে বিলে ভারতের দুই সাবেক রাষ্ট্রপতি সম্মতি দেননি, গুজরাটের বিজেপি সরকার গতকাল মঙ্গলবার আরও একবার সেই বিতর্কিত বিল রাজ্য বিধানসভায় পাস করাল। রাজ্যটির আশা, সন্ত্রাস ও সংঘটিত অপরাধ রোখার চেষ্টায় এবার এই বিলে সম্মতি আদায় করা যাবে।
বিলটির নাম গুজরাট কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম বা সংক্ষেপে গুজকক। ২০০৩ সালে এই বিলটিই তখনকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য বিধানসভায় পাস করিয়ে কেন্দ্রের সম্মতির জন্য পাঠিয়েছিলেন। অটল বিহারি বাজপেয়ির সরকার সে সময় বিলের কোনো কোনো বিষয়ের ব্যাখ্যা চেয়ে তা রাজ্যের কাছে ফেরত পাঠায়। সামান্য অদল-বদলের পর সেই বিল ফের পাঠানো হলে প্রথমে রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম ও পরে প্রতিভা পাতিল পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছিলেন। গতকাল রাজ্য বিধানসভায় সেই পুরোনো বিলই কিছুটা বদল ঘটিয়ে নতুনভাবে পেশ করা হয়।
বিলের উদ্দেশ্য ব্যাখ্যা করে রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রজনীকান্ত প্যাটেল বলেন, গুজরাট যত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে, ততই বাড়ছে সংগঠিত অপরাধীদের দৌরাত্ম্য। তা ছাড়া পাকিস্তানের সঙ্গে গুজরাটের ১ হাজার ৬০০ কিলোমিটার সমুদ্র ও ৫০০ কিলোমিটার স্থলসীমানা রয়েছে। পাকিস্তান সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর। অতএব সন্ত্রাসী ও সংঘটিত অপরাধ রুখতে রাজ্যে কড়া একটি আইনের প্রয়োজনীয়তা রয়েছে। বিরোধী নেতা কংগ্রেসের শঙ্করসিন বাঘেলা বিলের বিরোধিতা করেন। তিনি বলেন, এই বিল বিজেপিকে এমন ক্ষমতা দেবে, যা দিয়ে তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে, তবে অপরাধ কমাতে পারবে না।
গুজরাট বিধানসভায় মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেলের উপস্থিতিতে যে বিলটি পাস হলো, তাতে রাজ্য পুলিশের হাতে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইন প্রণয়ন হলে গুজরাট পুলিশ যেকোনো ব্যক্তির ফোনে আড়ি পাততে ও কথা রেকর্ড করতে পারবে। যেকোনো সন্দেহভাজন ব্যক্তিকে ৩০ দিন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখতে পারবে। বর্তমানে কোনো রাজ্যের পুলিশ ১৫ দিনের বেশি কাউকে হেফাজতে রাখতে পারে না। এই বিলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দি আদালত গ্রাহ্য হবে বলা হয়েছে। তা ছাড়া এতে অভিযোগপত্র দেওয়ার মেয়াদ ১৮০ দিন করা হয়েছে। বর্তমান আইনে ৯০ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া বাধ্যতামূলক।
বিলটি এবার রাষ্ট্রপতির সম্মতি পাবে কি না তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। কারণ, কেন্দ্রে বিজেপি সরকার এখন একার জোরে ক্ষমতায়। আর সেই সরকারের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। যিনি ১২ বছর আগে এই বিলের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। কেন্দ্রীয় আইনের পরিপন্থী এমন কোনো আইন রাজ্যকে পাস করাতে হলে তাতে রাষ্ট্রপতির সম্মতি আবশ্যক।