গুজরাটে ট্রাক চাপায় ঘুমন্ত ১৫ শ্রমিক নিহত
ভারতের গুজরাট রাজ্যের সুরাটে ট্রাকের চাপায় রাস্তার কাছে ঘুমিয়ে থাকা ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ বলছে, আজ মঙ্গলবার সকালে সুরাট থেকে ৫০ কিলোমিটার দূরে কোসাম্বা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে জানা যায়, ওই গ্রামের কিম-মন্দভি সড়কে ঘুমন্ত শ্রমিকদের ওপর দিয়ে চলে যায় মালবাহী ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন।
আহত কয়েকজন শ্রমিককে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আট শ্রমিকের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এতে নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে ১৫ জনে পৌঁছেছে।
বিপরীত দিক থেকে আসা আখবাহী একটি ট্রাক্টরকে ধাক্কা দেওয়ার পর ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
সুরাটের পুলিশ সুপার উষা রাদা পিটিআইকে বলেন, ট্রাকের চালককে আটক করা হয়েছে। ট্রাকের সামনের জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। ফলে চালক ঠিকমতো দেখতে পাচ্ছিলেন না। ট্রাকটি এরপর রাস্তা থেকে সরে যায় ও ঘুমন্ত শ্রমিকদের চাপা দেয়।
দুর্ঘটনার শিকার শ্রমিকেরা রাজস্থানের বানসওয়াদা থেকে এসেছিলেন।
ট্রাকের চালককে আটক করা হয়েছে। ট্রাকের সামনের জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। ফলে চালক ঠিকমতো দেখতে পাচ্ছিলেন না। ট্রাকটি এরপর রাস্তা থেকে সরে যায় ও ঘুমন্ত শ্রমিকদের চাপা দেয়।পুলিশ সুপার উষা রাদা, সুরাট
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনার পর শোক জানিয়েছেন। মোদির কার্যালয় টুইটে জানায়, ‘সুরাটে ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনা দুঃখজনক। আমি নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি।’ মোদি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ ও আহত প্রত্যেক শ্রমিককে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।