গুজরাটে ভোট নিয়ে বেপরোয়া বিজেপি

গুজরাটে ভোটের দিন যত এগোচ্ছে, শাসক দল বিজেপি ততই মরিয়া হয়ে উঠছে। না হলে গতকাল বুধবার সৌরাষ্ট্র জেলার মোরবির জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওইভাবে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে কটাক্ষ করতেন না।
সৌরাষ্ট্রের এই মোরবি এলাকা বিখ্যাত সিরামিক টাইলসের জন্য। পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলদেরও গড় এই অঞ্চল। সেই মোরবির জনসভায় কংগ্রেসকে বিদ্ধ করার চেষ্টায় মোদি বললেন, ‘প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধী এই মোরবিতে এসে নাকে রুমালচাপা দিয়ে ঘোরাফেরা করেছিলেন। একটি ম্যাগাজিনে সেই ছবি বেরিয়েছিল। মোরবির বাতাসে নাকি দুর্গন্ধ! আমাদের কিন্তু নাকে রুমাল চাপা দিতে হয় না। আমরা আপনাদের ভালোমন্দ সবকিছুর সঙ্গেই আছি। জনসংঘ ও আরএসএসের প্রচারকদের নাকে লেগে থাকে মানবতার গন্ধ।’
এর আগের দিন মঙ্গলবার কংগ্রেসের চরিত্র বিশ্লেষণ করে মোদি বলেছিলেন, ‘ওরা গরিববিরোধী। সেই জন্যই আমার সামাজিক চরিত্র নিয়ে ওরা কটাক্ষ করে। চাওয়ালা বলে তাচ্ছিল্য করে।’ সেই চরিত্র বিশ্লেষণে গতকাল ইন্দিরার নাকে রুমাল দেওয়ার উল্লেখ করে মোদি বলেন, একটা গরিবের ছেলে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, এটাই কংগ্রেস মেনে নিতে পারছে না।
মোদি আগামী দুই সপ্তাহে রাজ্যে ৩০টির মতো জনসভা করবেন। কিন্তু ঘটনা হলো, মঙ্গলবারের জনসভার বহর বিজেপির নেতাদের কপাল কুঁচকে দিয়েছে। যে তিনটি জনসভা মঙ্গলবার তিনি করেন, কোথাও মাঠ বোঝাই হয়নি। এত কম ভিড়ের কারণ কী? দিল্লিতে পার্টির সদর দপ্তরে তা নিয়ে চলছে তারই চুলচেরা বিশ্লেষণ। তবে কি মোদির আকর্ষণ তাঁরই রাজ্যে কমে গেছে? রাজ্যের মানুষের কাছে তিনি পুরোনো হয়ে গেছেন? নাকি নোট বাতিল ও জিএসটি নিয়ে কংগ্রেসের প্রচারে গুজরাটিরা বিভ্রান্ত?
গুজরাট জিততে বিজেপি যে মরিয়া, সে বিষয়ে কোনো সংশয় নেই। মরিয়া বলেই হিমাচল প্রদেশের সঙ্গে গুজরাটের ভোটের তারিখ একসঙ্গে ঘোষণা করতে দেওয়া হয়নি। দেরিতে ঘোষণার উদ্দেশ্য ভোটের আগে বেশ কিছু প্রকল্প ও প্রতিশ্রুতি যাতে দেওয়া যায়। মরিয়া বলেই সংসদের শীতকালীন অধিবেশন নভেম্বরের বদলে ডিসেম্বরে পিছিয়ে দেওয়া হলো, যাতে প্রধানমন্ত্রী বেশি সময়টা রাজ্যে কাটাতে পারেন। মরিয়া যদি না-ই হতো, ছয় রাজ্যের মুখ্যমন্ত্রী ও কুড়িজন কেন্দ্রীয় মন্ত্রীকে তা হলে পালা করে রাজ্যে প্রচারে পাঠানো হতো না। শেষ বেলায় প্রধানমন্ত্রীও নিজে এত জনসভার চাপ ঘাড়ে নিতেন না।
দুই বছর আগে ২০১৫ সালে রাজ্যে পঞ্চায়েত ও পৌরসভার ভোটে বিজেপি পেয়েছিল সাড়ে ৪৬ শতাংশ ভোট, কংগ্রেস সাড়ে ৪৩। দুই বছর পর আজ কিছুটা নতুন সামাজিক বিন্যাস ঘটে গেছে। কংগ্রেসের সমর্থনে এসেছেন পাতিদার নেতা হার্দিক প্যাটেল, দলিত নেতা বিঘ্নেশ মেওয়ানি ও অনগ্রসর নেতা অল্পেশ ঠাকুর। অল্পেশ এবার কংগ্রেসের টিকিটে লড়ছেন, বিঘ্নেশ লড়ছেন স্বতন্ত্র। কংগ্রেস তাঁর বিরুদ্ধে প্রার্থী দেয়নি। হার্দিকের বয়স ২৪। বিধানসভার ভোটে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করতে তাঁকে আরও এক বছর অপেক্ষায় থাকতে হবে। তবে প্যাটেলদের মধ্যে তাঁর প্রভাব অস্বীকার করার নয়।