গুজরাটে ভোট পড়েছে ৬৮ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট বিধানসভার প্রথম দফার নির্বাচনে আজ শনিবার ভোট গ্রহণ শেষ হয়েছে। বিকেল চারটা পর্যন্ত চলা এই নির্বাচনে ৬৮ শতাংশ ভোট পড়েছে। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর সাত-আটটি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রুটি দেখা যায়। পরে বেলা ১১টার মধ্যে ওই ইভিএম মেরামত বা প্রতিস্থাপন করা হয়।
এবার ভোট পড়ার হার গতবারের চেয়ে কম। গত বিধানসভা নির্বাচনে ৭১ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছিল।

১৮২ আসনবিশিষ্ট বিধানসভার মধ্যে প্রথম দফায় ৮৯টির ভোট গ্রহণ আজ করা হলো। গত নির্বাচনে এই ৮৯টি আসনের মধ্যে বিজেপির ৬৭ এবং কংগ্রেস ১৬টি আসনে জয়ী হয়। বাকি ৯৩টি আসনের ভোট ১৪ ডিসেম্বর। ফল প্রকাশ ১৮ ডিসেম্বর। ওই দিন এক মাস আগে হয়ে যাওয়া হিমাচল প্রদেশের ভোটের ফলও প্রকাশিত হবে।

বিধানসভার গত পাঁচটি নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জিতেছে। টানা ২২ বছর তারা এই গুজরাটের ক্ষমতায়। কিন্তু এবারই প্রথম তারা কঠিন পরীক্ষার মুখে। বিজেপির চিরকালীন সমর্থক প্যাটেলরা দ্বিধাবিভক্ত। সংরক্ষণের দাবিতে রাজ্য উত্তাল করে তোলা হার্দিক প্যাটেল হাত মিলিয়েছেন কংগ্রেসের সঙ্গে। সর্বশেষ জরিপ অনুযায়ী, দুই দলেরই সম্ভাব্য প্রাপ্ত ভোটের পরিমাণ ৪৩ শতাংশ করে। অর্থাৎ জেতার সম্ভাবনা দুই পক্ষেরই।