গুজরাটে মোদির জয়ের মূলে যে অনুঘটক...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে জয়ের পর গতকাল নয়াদিল্লিতে ক্ষমতাসীন বিজেপির সদর দপ্তরের সামনে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস l ছবি: এএফপি
গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে জয়ের পর গতকাল নয়াদিল্লিতে ক্ষমতাসীন বিজেপির সদর দপ্তরের সামনে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস l ছবি: এএফপি

ভারতের গুজরাট নির্বাচনে দেড় শ আসন প্রত্যাশা করেছিল ক্ষমতাসীন বিজেপি। তবে প্রত্যাশার তুলনায় অনেক কম আসন পেয়েছে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকায় অনেকটা হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনার দশা বিজেপির।

প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অনেকটা ‘হিন্দুত্ববাদের’ ধাঁচে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। বিভিন্ন জাত সেখানে বিজেপির বিপক্ষে অবস্থান নিয়েছিল। নানা বাধার পরও নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতা অমিত শাহ বিজয় ঠিকই বের করে আনলেন।

এই নির্বাচনে চারটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, সদ্য নির্বাচিত কংগ্রেস প্রধান রাহুল গান্ধী এবং পাতিদার নেতা হার্দিক প্যাটেল। মোদি যত দিন রাজ্য থেকে নির্বাচন করেছেন, তত দিন গুজরাট নিয়ে বিজেপির কোনো সংকট ছিল না। কিন্তু এবার তারা দারুণ চ্যালেঞ্জে পড়েছিল। তবে প্রমাণিত হলো, বিজেপিতে এখন মোদি ফ্যাক্টরই ভোট এনে দেয়।

অমিত শাহ দেড় শ আসন পাওয়ার ঘোষণা দিয়ে নিজেকে বেশ উচ্চাকাঙ্ক্ষী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর সেই উচ্চাকাঙ্ক্ষার গুড়েবালি।

নির্বাচনে কংগ্রেসের প্রচারণার দায়িত্ব নিয়েছিলেন রাহুল গান্ধী। তবে ফল দলের বিপরীতে গেলেও, সেখানে বেড়েছে আসনসংখ্যা। আর িবজেপির এই বিজয়ে বেশ কয়েকটি অনুঘটক কাজ করেছে।

আয়ার ফ্যাক্টর

মোদির বিরুদ্ধে অপবাদ ছড়িয়েছিলেন কংগ্রেস নেতা মনি শংকর আয়ার। এটিই বিজেপির বিজয়ে আশীর্বাদ হয়ে এসেছে। গুজরাটের ভোটাররা মোদি এবং বিজেপির প্রতি সহানুভূতিশীল হন।

জিএসটি জটিলতা

বেশির ভাগ পণ্যে পণ্য ও সেবা কর (জিএসটি) কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের জিএসসি কাউন্সিল। নির্বাচনের মাসখানেক আগে নেওয়া এই সিদ্ধান্তে গুজরাটের ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হলেও জনগণ খুশিই হয়েছিল। বিজেপির ভোট বাড়ার এটিও কারণ।

সহজ খামার ঋণ

নির্বাচনের কয়েক সপ্তাহ আগে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ঘোষণা করেছিলেন, খামারিদের বিনা সুদে তিন লাখ রুপি পর্যন্ত ঋণ দেওয়া হবে। এতে রাজ্যের ২৫ লাখের ওপর খামারি উপকৃত হবেন।

পাকিস্তান-বিদ্বেষ

পাকিস্তানবিরোধী মনোভাব কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণি পার হতে চেয়েছিলেন মোদি। কৌশল হিসেবে তিনি অভিযোগ আনেন, সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ ব্যক্তিত্ব মনমোহন সিং এবং মনি শংকর আয়ার নির্বাচনের আগে পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন ভোট নিয়ে ষড়যন্ত্র করার জন্য।

হার্দিক টেপ

পাতিদার নেতা হার্দিক প্যাটেলকে নির্বাচনে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছিল। তবে নির্বাচনের আগে আগে তাঁর যৌন কেলেঙ্কারির ভিডিওচিত্র প্রকাশ পায়। এই প্যাটেলের সঙ্গে হাত মিলিয়েছিল কংগ্রেস। গুজরাটের রক্ষণশীল সমাজ এই কেলেঙ্কারিকে স্বাভাবিকভাবে নিতে পারেনি।