গুজরাটে সহিংসতায় নিহত ১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে সহিংসতায় এক ব্যক্তি নিহত ও ১৪ জন আহত হয়েছেন। রাজ্যের পাটান জেলার বদাবলী গ্রামে গত শনিবার হিন্দু ও মুসলিম শিক্ষার্থীদের দ্বন্দ্বের জেরে ঘটনাটি ঘটে।
পাটান জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা কে কে নিরালা গতকাল রোববার বলেন, হিন্দু শিক্ষার্থীরা মুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করলে প্রায় পাঁচ হাজার বিক্ষুব্ধ লোক বদাবলীর মুসলিম বাসিন্দাদের বাড়িঘরে হামলা চালায় এবং ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। মুসলিমরাও এ সময় হামলাকারীদের লক্ষ্য করে পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয়।
কে কে নিরালা আরও জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শৃঙ্খলা রক্ষায় রাজ্যের রিজার্ভ পুলিশের তিনটি কোম্পানি ওই গ্রামে মোতায়েন করা হয়েছে।
গুজরাটে এর আগেও সহিংসতার ঘটনা ঘটেছে। ২০০২ সালে হিন্দু-মুসলিম দাঙ্গায় প্রায় এক হাজার লোক মারা যান। তাঁদের বেশির ভাগই মুসলিম। নরেন্দ্র মোদি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় তিনি পর্যাপ্ত পদক্ষেপ নেননি। তবে মোদি অভিযোগটি প্রত্যাখ্যান করেন। দাঙ্গার ঘটনায় সুপ্রিম কোর্টের গঠিত তদন্ত কমিটি ২০১৩ সালে জানায়, মোদিকে আইনের আওতায় আনতে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।