গুজরাটে হিন্দু এলাকায় মুসলিম পুনর্বাসনে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যের বাদোদরাতে প্রায় সাড়ে চার শ দরিদ্র মুসলিম পরিবারকে শহরের হিন্দুপ্রধান এলাকায় পুনর্বাসনের প্রস্তাবে আপত্তি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শহরের দুটি বস্তি থেকে গত বছরের নভেম্বরে ওই গরিব মুসলিম পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়। খবর বিবিসির।
সরকারি কর্তৃপক্ষ উচ্ছেদ হওয়া মুসলিম পরিবারগুলোকে নতুন একটি আবাসন প্রকল্পে সরিয়ে নিতে চেয়েছিল। তবে সেই এলাকার বাসিন্দারা বলছেন, ‘সমস্যা তৈরি করতে পারে’ এমন লোকজনকে তাঁরা সেখানে থাকতে দিতে চান না।
বাদোদরা শহরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সহাবস্থান শত শত বছর ধরে। আবার সেখানে সাম্প্রদায়িক বিদ্বেষ ও হিংসার ইতিহাসও বেশ পুরোনো।
বাদোদরা পৌর করপোরেশন বস্তির মুসলিমদের জন্য শহরের কালানি ও ছয়াযিপুরা এলাকায় নতুন আবাসন তৈরি করেছে। কিন্তু বিজেপির স্থানীয় কাউন্সিলর দাদুভাই গজবীর নেতৃত্বে এলাকার বাসিন্দারা এর প্রতিবাদ জানিয়েছেন।
গজবী বলেন, ‘অনেক লোকে বলছে, কল্যাণ নগর বস্তির লোকেরা যেখানে ছিল সেখানেই থাকুক। আমার এ ব্যাপারে কোনো বক্তব্য নেই। স্থানীয় লোকেরা যা বলছে, আমি শুধু সেই কথাটাই পৌর করপোরেশনের চেয়ারম্যানের কাছে পৌঁছে দিয়েছি। ওরা বলছিল, কল্যাণ নগরের লোকজনকে এভাবে আমাদের এদিকে পাঠানো ঠিক নয়। ওরা যেখানে ছিল, সেখানেই বাড়ি বানিয়ে দিলেই তো হয়।’
গজবী এ ক্ষেত্রে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও পৌর করপোরেশনের কাছে দেওয়া স্মারকলিপিটি তাঁর নামেই দেওয়া হয়েছে। দল হিসেবে বিজেপিরও এতে সায় রয়েছে বলে জানা গেছে।
বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য যে নতুন বাড়ি তৈরি করা হয়েছে, তার খুব কাছেই আবাসন ব্যবসায়ীরা ‘নিউ মঞ্জিলপুর’ নামে অভিজাত একটি প্রকল্প তৈরি করেছেন। গরিব মুসলিমরা সেই এলাকায় এলে এসব ফ্ল্যাটের দাম কমে যাবে, এই আশঙ্কা থেকেই আবাসন ব্যবসায়ীরা তাতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
তবে আসল ঘটনা যা-ই হোক, বাদোদরাতে হিন্দু-মুসলিম ধর্মের ভিত্তিতে বিভাজন সম্পূর্ণ হয়ে গেছে বলেই মনে করছেন এস এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ ড. ইফতেখার খান।
ইফতেখার বলেন, শহরে হিন্দু ও মুসলিমদের আলাদা বসতি করে থাকার প্রক্রিয়া চলছিল আগে থেকেই। তবে ২০০২ সালের গুজরাট দাঙ্গার পর সেটা যেন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এখন আর শহরে মিশ্র বসতি আপনি পাবেনই না। মধ্যবিত্ত মহল্লায় সেটা আগে হতো, এখন নিম্নবিত্তদের মধ্যেও ঘটছে।