গুজরাটের দাঙ্গার ধর্ষকদের ফাঁসিতে হাইকোর্টের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় এক সন্তানসম্ভবা মুসলিম নারীকে ধর্ষণ এবং তাঁর পরিবারের ১৪ জনকে হত্যার দায়ে তিন ব্যক্তিকে ফাঁসির দণ্ড দিতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের বম্বে হাইকোর্ট।

কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) তিন আসামির ফাঁসির অনুরোধ করেছিল আদালতের কাছে। বলেছিল, ১১ জন অভিযুক্ত ব্যক্তির মধ্যে ৩ জনের ফাঁসি হওয়া উচিত। এর ফলে অপরাধীদের কাছে ‘কড়া বার্তা’ যাবে।

মুম্বাইয়ের বিচারিক আদালত ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। হাইকোর্ট গতকাল বৃহস্পতিবার সে রায় বহাল রেখেছেন। তবে গুজরাটের পাঁচ পুলিশ কর্মকর্তা এবং দুই চিকিৎসককে খালাসের রায় আবার তদন্ত করার আবেদন মঞ্জুর করেছেন। সিবিআই আদালতে অভিযোগ করেছে, ওই পুলিশ কর্মকর্তারা অপরাধীদের সঙ্গে যোগসাজশে মামলার নথি এবং সুরতহাল প্রতিবেদনে জালিয়াতি করেছে।

দাঙ্গার সময় হামলায় ধর্ষণের শিকার নারী ছাড়া তাঁর পরিবারের শিশুসহ ১৪ সদস্য মারা যায়। ওই নারী ধর্ষণকারীদের চিহ্নিত করেছেন। হুমকি এবং হস্তক্ষেপের আশঙ্কায় এই ঘটনার বিচার গুজরাটের বাইরে হয়।