গুলবার্গ হত্যায় ১১ জনের যাবজ্জীবন
ভারতের গুজরাটের গুলবার্গ সোসাইটি গণহত্যা মামলায় দোষী সাব্যস্ত ২৪ জনের মধ্যে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার আহমেদাবাদের বিশেষ আদালত এই রায় দেন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দোষী সাব্যস্ত হওয়া অন্যদের মধ্যে একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১২ জনকে দেওয়া হয়েছে সাত বছর করে কারাদণ্ড।
দোষী সাব্যস্ত হওয়া ২৪ জনেরই মৃত্যুদণ্ড চেয়েছিলেন আইনজীবীরা।
২ জুন এই মামলায় ২৪ জনকে দোষী সাব্যস্ত করেন আদালত। তাঁদের মধ্যে ১১ জনের অপরাধ খুনের, বাকি ১৩ জন অন্য অপরাধে দোষী সাব্যস্ত হন। মোট ৬৬ জন অভিযুক্ত ব্যক্তির মধ্যে আদালত ৩৬ জনকে মুক্তি দেন। দোষী ব্যক্তিদের দণ্ডাদেশ ঘোষণা করা হলো আজ।
২০০২ সালে গুজরাটের গোধরায় সবরমতি এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনার পরের দিন গুলবার্গ সোসাইটি আক্রান্ত হয়। মুসলমানদের ওই আবাসস্থলে হামলায় নিহত হন ৬৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে কংগ্রেসের সাবেক সাংসদ এহসান জাফরি ছিলেন।
আহমেদাবাদ শহরে ৩০টি বাংলো ও ১০টি অ্যাপার্টমেন্ট ব্লক নিয়ে ওই গুলবার্গ সোসাইটি। ঘটনার দিন প্রায় ২০ হাজার সশস্ত্র লোক ওই সোসাইটিতে হামলা চালায়। অভিযোগ, শাসক দল বিজেপির নেতাদের উসকানি ও প্ররোচনায় এবং পুলিশের সহযোগিতায় ওই আক্রমণ চালানো হয়। এতে মোট ৬৯ জনের মৃত্যু ঘটে। ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছিল। ঘটনার সাত বছর পর সরকার অন্যদেরও মৃত ঘোষণা করে, এহসান জাফরি ছিলেন সেই দলে।
সুপ্রিম কোর্টের নির্দেশে ও তত্ত্বাবধানে এই মামলাটি চালানো হয়। সাত বছর শুনানি চলে। সুপ্রিম কোর্ট তদন্তের দায়িত্ব তুলে দেন এক বিশেষ তদন্ত দলের হাতে। মোট চারজন বিচারপতি মামলাটি শোনেন। সাক্ষ্য নেওয়া হয় ৩৩৮ জনের। তাঁদের মধ্যে ছিলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন...
১৪ বছর পর দোষী সাব্যস্ত ২৪ জন