ভারতের গুজরাটে ২০০২ সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময়কার গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডে অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গুজরাটের আহমেদাবাদ শহরের বিশেষ আদালত গতকাল শুক্রবার দেওয়া সাজায় বাকি অভিযুক্ত ব্যক্তিদের একজনকে ১০ বছর ও অন্যদের সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।
সাজা ঘোষণার সময় বিশেষ আদালতের বিচারপতি পি বি দেশাই ওই ঘটনাকে ‘জঘন্যতম দিন’ হিসেবে বর্ণনা করলেও অপরাধী ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি মেনে নেননি।
গুজরাটের দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। নরেন্দ্র মোদি ছিলেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী। সে বছর ২৭ ফেব্রুয়ারি গোধরা স্টেশনে সবরমতি এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগানোর ঘটনায় ৫৯ জন হিন্দু পুড়ে মারা যান। তাঁরা অযোধ্যায় রাম মন্দির নির্মাণে করসেবা করে ফেরত যাচ্ছিলেন। ওই ঘটনার পরের দিন আহমেদাবাদে মুসলমানদের ওই আবাসনে সশস্ত্র হিন্দুদের আক্রমণে ৬৯ জন নিহত হন। ওই আবাসনেও আগুন লাগানো হয়। পুড়ে মারা যাওয়া অনেককে শনাক্ত পর্যন্ত করা যায়নি। তাঁদের মধ্যে ছিলেন কংগ্রেসের সাবেক সাংসদ এহসান জাফরি।
এহসান জাফরির স্ত্রী জাকিয়া এই রায়ে সন্তুষ্ট নন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘অপরাধী ব্যক্তিদের মৃত্যুদণ্ডের দাবিই ছিল প্রধান। যেখান থেকে আমরা শুরু করেছিলাম আবার সেখানেই ফিরে গেছি। এটা বিচার হলো না। পরবর্তী পদক্ষেপের জন্য আইনজীবীর সঙ্গে কথা বলব’। মানবাধিকার কর্মী তিস্তা শীতলবাদও রায় শুনে হতাশ। রায় দুর্বল মন্তব্য করে তিনি বলেন, এর বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করা হবে।
গুজরাটের দাঙ্গায় শাসক দল বিজেপি এবং তখনকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির প্রত্যক্ষ মদদের অভিযোগ উঠেছিল। সুপ্রিম কোর্ট রাজ্যের যে নয়টি মামলার বিশেষ দেখভাল শুরু করে, গুলবার্গ সোসাইটি ছিল তার অন্যতম। রাজ্য পুলিশের হাত থেকে ক্ষমতা কেড়ে সুপ্রিম কোর্ট ২০০৮ সালে সিবিআইয়ের অবসরপ্রাপ্ত পরিচালক আর কে রাঘবনের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। টানা সাত বছর ধরে চলা শুনানি শেষ হয় ২০১৫ সালে।
অপরাধী ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবিও বিচারপতি মেনে নেননি। কেন মানেননি, তার ব্যাখ্যায় বিচারপতি পি বি দেশাই বলেন, ওই ঘটনার আগে অপরাধী ব্যক্তিদের অপরাধের কোনো পুরোনো রেকর্ড পাওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তিদের ৯০ শতাংশ জামিনে মুক্ত থাকার সময় কারও বিরুদ্ধে দ্বিতীয় কোনো অভিযোগও কেউ করেননি। কাজেই অভিযুক্ত ব্যক্তিরা যে দাগি অপরাধী তা প্রতিপন্ন হয়নি। তা ছাড়া এটা কোনো পরিকল্পিত আক্রমণও ছিল না।