গুলিতে মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত মিরিক
গুলিতে গোর্খা জনমুক্তি মোর্চার এক সমর্থকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের মিরিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে সেনাবাহিনী নামানো হয়েছে। গত কয়েক দিন ধরেই সরকারি কার্যালয়সহ নানা জায়গায় আগুন দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার সকালেও কালিম্পঙের সতেরো মাইলে পঞ্চায়েত কার্যালয়ে আগুন দিয়েছেন মোর্চার সমর্থকেরা। এর আগে সোমবার রাতে মোর্চা ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। কাঁদানে গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের হটানোর চেষ্টা করে পুলিশ। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
মোর্চার দাবি, আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। গুলিতে আশিস তামাং নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মোর্চা। পুলিশ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই ফের সেনা নামানো হয়। মোর্চার দাবি, তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে সংঘর্ষে তাদের আরও দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। মিরিক পৌরসভার দখল নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তেজনা চলে আসছে। সোমবার সকালে সেখানকার একটি ট্র্যাফিক বুথ জ্বালিয়ে দেওয়া হয়।
দার্জিলিংয়ে জনমুক্তি মোর্চার আন্দোলনের সূত্রপাত হয় মুখ্যমন্ত্রী মমতার একটি ঘোষণাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী ঘোষণা দেন, রাজ্যের সব বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত সব ছাত্রছাত্রীকে বাংলা ভাষা পড়তে হবে। এ সিদ্ধান্ত মেনে নিতে পারেনি গোর্খা জনমুক্তি মোর্চা। পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি তোলে তারা। এই দাবিতে দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।