গুয়াহাটিতে শিবসেনার হোর্ডিং, বিতর্ক বাড়তেই সরানো হলো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে
ছবি: টুইটার

সপ্তাহখানেক ধরে মহারাষ্ট্রের ক্ষমতাসীন ৫০ জনের বেশি এমএলএ বসে রয়েছেন ভারতের আসামের রাজধানী গুয়াহাটির পাঁচতারা র‌্যাডিসন ব্লু হোটেলে। আজ বুধবার বা কাল তাঁদের মুম্বাইতে ফেরার কথা এবং তাঁরাই যে সংখ্যাগরিষ্ঠ, এটা বিধানসভায় প্রমাণ করার কথা। শিবসেনার এই বিক্ষুব্ধ এমএলএরা তাঁদের নেতা একনাথ শিন্ডের নেতৃত্বে বর্তমান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে সরিয়ে সরকার গড়তে চায়।

এ অবস্থায় তাঁদের নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে আসামের রাজধানী গুয়াহাটিতে। একদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে অভিযোগ, আসামের বিস্তীর্ণ অঞ্চল যখন বন্যায় ভেসে গিয়েছে এবং বরাক উপত্যকার বাঙালি অধ্যুষিত শিলচর যখন পুরোপুরি পানির তলায়, তখন মহারাষ্ট্রের এমএলএ কেনাবেচা নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী।

ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা এ অভিযোগের উত্তরে বিশ্বশর্মা বলেছেন, তিনি বন্যা নিয়ন্ত্রণে পুরো সময় দিচ্ছেন, র‌্যাডিশন হোটেলে কী হচ্ছে, সে সম্পর্কে তিনি অবগত নন।

এরই মধ্যে গতকাল নতুন বিতর্ক শুরু হয়েছে মহারাষ্ট্রের বিদ্রোহী এমএলএদের নিয়ে। হোটেলের কাছেই শিন্ডে বাহিনীর সমর্থনে পড়েছে দুটি হোর্ডিং। হোর্ডিংয়ে বিক্ষুব্ধ এমএলএদের নেতা একনাথ শিন্ডেকে সমর্থন জানানো হয়েছে। গত বুধবার থেকেই হোর্ডিং রয়েছে। হোর্ডিংয়ে লেখা আছে, ‘গর্বের সঙ্গে বলুন, আমরা হিন্দু’ এবং ‘আমাদের নেতা শিন্ডের সঙ্গেই আমরা আছি।’

শিবসেনার আসাম শাখা জানিয়েছে, এই হোর্ডিং তারা লাগায়নি। উত্তর-পূর্ব ভারতে শিবসেনার সভাপতি মনিপুরের এম টম্বি সিং বলেছেন, ‘তাঁরা উদ্ধব ঠাকরের সমর্থক এবং এই রকম হোর্ডিং তাঁদের চোখে পড়লে, তাঁরা তা সরিয়ে দেবেন।’ কিন্তু এরপরেও সেটি সরেনি।

এ অবস্থায় স্থানীয় মানুষ বিষয়টি নিয়ে সামান্য বিক্ষোভ দেখান। কারণ, আসামে বিজেপির সরকার থাকলেও এবং সেখানে বাঙালি মুসলমান সমাজের বিরোধিতা হলেও আসামের বড় অংশের মানুষ হিন্দুত্বকে এখনো পুরোপুরি মেনে নেননি। তাঁদের বক্তব্য, এটা হিন্দুত্বকে নতুন করে তাঁদের ওপরে চাপানোর একটা কৌশল। এ বিতর্ক শুরু হওয়ার পর গত রাতে হোর্ডিং সরিয়ে নেওয়া হয়।

শিন্ডে বাহিনীর এমএলএরা আজ বা কাল মহারাষ্ট্রে ফিরতে পারেন। গত প্রায় দুই সপ্তাহে পাঁচতারা হোটেলে তাঁদের রাখতে গিয়ে কোটি টাকার ওপরে খরচ হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।