গোমাংস খাওয়ার অভিযোগ তুলে দলিত পরিবারে হামলা
গরুর মাংস খেয়েছে—এমন অভিযোগ তুলে ভারতের কর্ণাটক রাজ্যে একটি দলিত পরিবারের ওপর হামলা চালিয়েছেন হিন্দুত্ববাদী বজরং দলের কর্মীরা। ১৭ জুলাই এ হামলার ঘটনা ঘটে বলে কর্ণাটক কম্যুনাল হারমনি ফোরাম নামের একটি বেসরকারি সংগঠন পুলিশের কাছে অভিযোগ করেছে।
কম্যুনাল হারমনি ফোরামের সাধারণ সম্পাদক বলেন, ওই দিন ৪০ থেকে ৫০ জনের একটি দল দলিত পরিবারটির ওপর হামলা করে। এ সময় পরিবারের তিন সদস্য মারাত্মক জখম হন। তিনি বলেন, এ হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও তাঁদের সবাই জামিনে ছাড়া পেয়েছেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
কর্ণাটকের অবকাঠামো-বিষয়ক মন্ত্রী রোশন বায়েগ এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যায়িত করে বলেন, কর্ণাটক সরকার গুজরাটের মতো এসব ঘটনাকে প্রশ্রয় দেবে না। তিনি বলেন, ‘বজরং দল আমাদের হিন্দুত্ব শেখানোর কে? তাদের হাতে কেউ আইন তুলে দেয়নি। রাজ্যের আইনমন্ত্রী টিবি জয়াচন্দ্র আশ্বাস দিয়েছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার হবেই। এ রাজ্যে এমন পরিস্থিতি আগে ছিল না।’ তিনি বলেন, এ রাজ্যে অনেকেই গরু বিক্রি করে তাদের জীবন নির্বাহ করে। এ কাজের যারা বিরোধিতা করে তারা অভিযোগ করতে পারে, কিন্তু মানুষের ওপর হামলা কখনোই গ্রহণযোগ্য নয়।
এ মাসেই ভারতের গুজরাট রাজ্যের উনা শহরে দলিত সম্প্রদায়ের চার ব্যক্তিকে কথিত গরু রক্ষাকারীরা পেটায়। গত বছরের সেপ্টেম্বর মাসে উত্তর প্রদেশ রাজ্যের দাদরিতে মোহাম্মদ আখলাক নামের এক ব্যক্তি ঘরে ফ্রিজে গরুর মাংস রেখেছেন—এমন অভিযোগ এনে শতাধিক মানুষের একটি দল তাঁকে পিটিয়ে হত্যা করে।