গোরক্ষার নামে বাড়াবাড়ি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোরক্ষার নামে গো-সেবকদের গুন্ডামিকে বিজেপিশাসিত রাজ্যগুলো পরোক্ষভাবে মদদ দিয়ে চলেছে বলে অভিযোগ করল কংগ্রেস। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় গতকাল সোমবার গোরক্ষার ওপর বিতর্কের সূচনা করে এই অভিযোগ করেন কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খারগে।

দেশের বিভিন্ন রাজ্যে স্বঘোষিত গো-সেবকদের গোরক্ষার নামে পিটিয়ে মানুষ মারার ঘটনার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে কংগ্রেস নেতার অনুরোধ, ‘এটা হিন্দুস্তান। অনুগ্রহ করে হিন্দুস্তানকে লিঞ্চিস্তান বানিয়ে দেবেন না।’ তিনি বলেন, ‘আমি এ কথা বলব না যে রাজ্য সরকারগুলো সরাসরি এই কাজ করছে। কিন্তু এটা বলব, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের সঙ্গে সংযুক্ত গোরক্ষকদের পরোক্ষে এই কাজে বিজেপির রাজ্য সরকার উৎসাহিত করছে।’

কংগ্রেস নেতা এই প্রসঙ্গে ঝাড়খন্ড ও মধ্যপ্রদেশের উল্লেখ করে বলেন, এই দুই বিজেপিশাসিত রাজ্য ‘লিঞ্চিং সেন্টার’ হয়ে দাঁড়িয়েছে। গোরক্ষকেরা নানা ছুতোছাতায় পিটিয়ে মানুষ মারছে।

খারগেকে অবশ্য প্রবল বাধা দেন বিজেপি সদস্যরা। মন্ত্রী অনন্ত কুমার ও নিশিকান্ত দুবে বিরোধী নেতার বক্তব্যের বিরোধিতা করে বলেন, ‘যে দুই রাজ্যের ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে তা আদালতের বিবেচনাধীন। কাজেই ওই ঘটনা নিয়ে আলোচনার কোনো অবকাশ থাকতে পারে না।’

এর জবাবে খারগে পাল্টা জানতে চান, গোরক্ষার নামে বাড়াবাড়ি ও মানুষ পেটানোর জন্য কটা মামলা সরকার দায়ের করেছে ও কতজনকে গ্রেপ্তার করেছে? জবাবে নিশিকান্ত দুবে ও হুকুমদেব নারায়ণ যাদব বলেন, কংগ্রেস এসব বিচ্ছিন্ন ঘটনাকে ধর্মের সঙ্গে জুড়ে সাম্প্রদায়িক করে তুলতে চাইছে। তাঁরা বলেন, কাশ্মীরে জনতার রোষের বলি যিনি, পুলিশের বড় কর্তা আয়ুব পণ্ডিত, তাঁর সঙ্গে গোরক্ষার কোনো সম্পর্ক ছিল না। কিংবা হরিয়ানার ট্রেনে আসন নিয়ে বচসায় নিহত জুনাইদের সঙ্গেও গরু যুক্ত ছিল না। সব ঘটনাকে ধর্মের সঙ্গে জড়ালে বিভ্রান্তি ও অশান্তি বেড়ে যায়।

সংসদের বর্ষাকালীন অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোরক্ষার নামে বাড়াবাড়ির সমালোচনা করে বলেছিলেন, রাজ্য সরকারগুলোকে সতর্ক থাকতে হবে। কড়া হাতে এই বাড়াবাড়ির মোকাবিলা করতে হবে। কংগ্রেস নেতার অভিযোগ, তা সত্ত্বেও বিভিন্ন রাজ্যে এ ঘটনা ঘটে চলেছে। বিজেপি পরোক্ষে মদদ দিচ্ছে। গো-সেবকদের বাড়াবাড়িতে উৎসাহ জোগাচ্ছে।

এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে বলেন, সস্তার গরুর মাংস গরিবের প্রোটিন। এ থেকে গরিবকে বঞ্চিত করতে গেলে সরকারের উচিত অন্য প্রোটিনের ব্যবস্থা করা।

ছয় ঘণ্টা বিতর্কের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট ভাষায় এই প্রবণতার নিন্দা করে রাজ্য সরকারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। বিরোধীদের প্রবল প্রতিরোধের মধ্যে তিনি বলেন, এটা রাজনৈতিক ইস্যু করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে হেয় করার চেষ্টা চলছে। বিজেপি ক্ষমতায় আসার আগে কোন রাজ্যে কত হিন্দু-মুসলমান দাঙ্গা হয়েছে, কতবার দলিত-অনগ্রসরদের ওপর অত্যাচার হয়েছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফিরিস্তি দিলে বিরোধীরা কক্ষত্যাগ করেন। কিন্তু গোরক্ষার নামে বাড়াবাড়ি কমাতে সরকার কী করছে তার নির্দিষ্ট কোনো হদিস সরকারের কাছ থেকে পাওয়া গেল না।