গোয়েন্দা ব্যর্থতার বড় উদাহরণ মুম্বাই হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বর হামলা ঘটেছিল শোচনীয় গোয়েন্দা ব্যর্থতায়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর প্রাযুক্তিগত গোয়েন্দা তৎপরতায় সেই হামলার তথ্য আগেই পেয়েছিল। তবে সেসব তথ্য এক জায়গায় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আগেই ঘটে যায় সেই ভয়াবহ হামলা। খবর হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দু।
গত রোববার ওই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউইয়র্ক টাইমস পত্রিকায় ‘ইন ২০০৮ মুম্বাই কিলিংস: পাইলস অব স্পাই ডেটা বাট অ্যান আনকমপ্লিটেড পাজল’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তিনটি দেশের গোয়েন্দা সংস্থাই তাদের উচ্চপর্যায়ের প্রাযুক্তিগত পর্যবেক্ষণ এবং যন্ত্র ব্যবহার করে পাওয়া তথ্য একত্র করতে পারেনি। আর এর ফলে ভারতের ‘নাইন-ইলেভেন’ খ্যাত মুম্বাইয়ের হামলা রোধ করা যায়নি।
নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই হামলার প্রধান পরিকল্পনাকারী জারার শাহের অনলাইন কার্যক্রমের বিষয়ে ভারত ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো পর্যবেক্ষণ করছিল। শাহ পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রযুক্তি শাখার প্রধান ছিলেন। তবে হামলার আগ পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো তাদের গোয়েন্দা কোডগুলো একত্র করতে পারেনি। ওই হামলায় নিহত হয় ১৬৬ জন। এর মধ্যে ছয়জন মার্কিন নাগরিক ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ২০০৮-এর শরতে পাকিস্তানের উত্তরের পার্বত্য অঞ্চল থেকে আরব সাগরের নিরাপদ এলাকায় চলে যান জারার শাহ। সেখান থেকে তিনি মুম্বাই হামলার পরিকল্পনা করেন।
তবে সেপ্টেম্বর মাস থেকে শাহের ওপর যে নজরদারি চলছিল সে সম্পর্কে তিনি জানতেন না। ব্রিটিশ গোয়েন্দারা অনলাইনে তার বার্তা আদান-প্রদান গোয়েন্দাদের হাতে আসে।
এক সাবেক কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ‘তবে কেবল ব্রিটিশ গোয়েন্দারই নয়, ভারতীয় গোয়েন্দারাও তার কার্যক্রম পর্যবেক্ষণ করত।’
এই দুই দেশের গোয়েন্দা সংস্থার তৎপরতা সম্পর্কে জানত না যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ওই ঘটনার একটি সূত্র পেয়েছিল প্রযুক্তি এবং গোয়েন্দাদের মাধ্যমে। ওই হামলার আগে কয়েকবার সম্ভাব্য সেই হামলা সম্পর্কে তারা ভারতীয় কর্তৃপক্ষকে জানায়ও।